ক্রীড়া প্রতিবেদক : প্রাইজমানি বেড়েছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির। এবারের টুর্নামেন্টে মোট প্রাইজমানি ৪৫ লাখ মার্কিন ডলার। ২০১৩ সালে অনুষ্ঠিত সর্বশেষ টুর্নামেন্টের চেয়ে মোট প্রাইজমানি বেড়েছে ৫ লাখ ডলার।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এবারের চ্যাম্পিয়নস ট্রফির প্রাইজমানির কথা জানায় আইসিসি। আগামী ১ জুন ইংল্যান্ডে শুরু টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ২২ লাখ ডলার। রানার্সআপ দলের জন্য থাকছে ১১ লাখ ডলার।
সেমিফাইনালে হেরে যাওয়া দুই দল পাবে সাড়ে ৪ লাখ ডলার করে। প্রতিটি গ্রুপের তৃতীয় দল পাবে ৯০ হাজার ডলার। আর গ্রুপে শেষ স্থানে থাকা দল পাবে ৬০ হাজার ডলার।
আটটি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে এবারের চ্যাম্পিয়নস ট্রফি। প্রতিটা গ্রুপের সেরা দুই দল খেলবে সেমিফাইনাল।


