প্রথম কোয়ার্টার ফাইনালে উত্তাপ ছড়িয়েছে পেরু ও প্যারাগুয়ে। সাডেন ডেথে জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে পেরু।
ইউরোর দুটি ম্যাচ শেষে বাংলাদেশ সময় রাত ৩টায় কোপার প্রথম কোয়ার্টার ফাইনালে উত্তাপ ছড়িয়েছে পেরু ও প্যারাগুয়ে।
এস্তাদিও অলিম্পিকো পেদ্রো লুদোভিকো স্টেডিয়ামে যেন গোলের ফোয়ারা ছুটিয়েছে দু’দল। আক্রমণ-পাল্টা আক্রমণে নির্ধারিত সময় পর্যন্ত খেলায় ছিল ৩-৩ গোলে সমতা।
রুদ্ধশ্বাস খেলার ফলাফল নির্ধারিত হয়েছে পেনাল্টি শুটআউটে। ৯০ মিনিট শেষে কোপার নতুন নিয়ম অনুযায়ী সরাসরি টাইব্রেকার। তবে সেখানেও লড়াইটা সমানে সমান। পাঁচটি করে শট শেষে স্কোর সমান ৩-৩। অতঃপর সাডেন ডেথ। সেখানে জিতে সেমিফাইনালে পেরু। ৪-৩ গোলে জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে গতবারের রানার্সআপ পেরু।
এর আগে ম্যাচের ১১ মিনিটে গোমেজের গোলে লিড পায় প্যারাগুয়ে। তবে সে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ২১ মিনিটেই সমতা ফেরায় পেরু। লাপাদুলার গোলে লড়াই জমিয়ে তোলে তারা। ৪০ মিনিটে আবারও স্কোর করেন লাপাদুলা। ২-১’এ লিড নিয়ে বিরতিতে যায় তারা। ইয়োশিমার ইয়োতুনের থ্রু বল ডি-বক্সে পেয়ে প্রথম ছোঁয়ায় কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন ইতালিয়ান ক্লাব বেনেভেন্তোর এই ফরোয়ার্ড।
বিরতির ঠিক আগে ১০ জনের দলে পরিণত হয় প্যারাগুয়ে। বল দখলের লড়াইয়ে প্রতিপক্ষকে হাত দিয়ে আঘাত করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন তাদের গোলদাতা গোমেজ।
বিরতি থেকে ফিরে পাল্টা গোলে সমতা ফেরায় প্যারাগুয়ে। ৮০তম মিনিটে সৌভাগ্যসূচক গোলে আবারও এগিয়ে যায় পেরু। এবারের স্কোরার ভিক্টর ইয়োতুন। তবে ম্যাচের নাটকীয়তা যেন তখনও বাকি। দ্বিতীয়বারের মতো হলুদ কার্ড দেখে পেরুও ১০ জনের দলে পরিণত হয়। সেটিই যেন আশীর্বাদ হয়ে আসে প্যারাগুয়ের জন্য। নির্ধারিত সময়ের শেষ মিনিটে তৃতীয় গোল করে সমতা টানে প্যারাগুয়ে। ম্যাচ গড়ায় সরাসরি টাইব্রেকারে।


