‘কোভিড-১৯ মোকাবেলায় সকলের ভ্যাকসিন নেয়া উচিত’

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, জীবনে অনেক টিকা নিয়েছি। করোনার এ টিকাও আলাদা কিছু না। আমি এখন মহামারি করোনা ফ্লু মুক্ত। এটা আমার বিশ্বাস। সবাইকে টিকা নিতে হবে। বিশ্ব মহামারি কোভিড-১৯ মোকাবেলায় সকলের করোনার ভ্যাকসিন নেয়া উচিত।

প্রতিমন্ত্রী সোমবার (৮ ফেব্রুয়ারি) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের কনভেনশন সেন্টারে কোভিড-১৯ টিকার প্রথম ডোজ গ্রহণ শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।

করোনার টিকার গুজব বিষয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, গুজব তো গুজবই। মহান মুক্তিযুদ্ধের সময়ও গুজব ছড়ানো হয়েছিল। কিন্তু আমাদের বিজয় কেউ ঠেকাতে পারেনি। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সরকার সফল।প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে আমরা দ্রুত করোনা ভ্যাকসিন সংগ্রহ করতে পেরেছি। বাংলাদেশকে কেউ দাবিয়ে রাখতে পারবেনা। বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আমরা এগিয়ে যাব।

টিকা গ্রহণ শেষে প্রতিমন্ত্রী কিছু সময় অপেক্ষা করেন। এসময় তিনি শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ আছেন এবং কোন পরিবর্তন অনুভব করছেন না বলে জানান।