ক্রীড়া ডেস্ক : উপমহাদেশের প্রথম দল হিসেবে এজবাস্টনে ভারতকে টেস্ট জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন বিরাট কোহলি।
প্রথম ইনিংসে ১৪৯ রানের দুর্দান্ত ইনিংসের পর দ্বিতীয় ইনিংসে ৫১ রানে থেমেছেন ভারতীয় অধিনায়ক। এমন অসাধারণ পারফরম্যান্সের জন্য অন্যদের মতো কোহলির প্রশংসায় মেতেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার স্টিভ ওয়াহ।
শোয়েব মালিক ও কেভিন পিটারসনের মতো গ্রেট ক্রিকেটাররা কোহলির প্রশংসার পর স্টিভ ওয়াহের মুখে কোহলি বন্দনা। এক টুইট বার্তায় ভারতীয় রানমেশিন কোহলিকে ‘গ্লোবাল সুপারস্টার’ বলেছেন তিনি। এছাড়া বিশ্বক্রিকেটার সব রেকর্ডকে কোহলি ভেঙে দেবেন বলেও জানান তিনি।
এজবাস্টন টেস্টে জয়ের জন্য শেষ দিনে ৮৪ রান দরকার ছিল ভারতের। কোহলি থাকায় চতুর্থ দিনের বাজে উইকেটেও জয়ের স্বপ্ন দেখছিল ভারত। কিন্তু আজ ব্যক্তিগত ৫১ রানে কোহলির পতনের পর আশা শেষ হয়ে যায় ভারতের। শেষদিনে বাকি ৫ উইকেট তুলে নিতে ৫২ রান খরচ করেন ইংল্যান্ডের বোলাররা। এর মধ্য দিয়ে নিজেদের হাজারতম টেস্ট ম্যাচটি জিতে স্মরণীয় করে রাখল কুক-রুটর-অ্যান্ডারসনরা।


