ক্রীড়া ডেস্ক : বর্তমান সময়ে বিশ্বের সেরা ব্যাটসম্যান কে? জো রুট, কেন উইলয়ামসন কিংবা স্টিভেন স্মিথের মতো নামগুলো আলোচনায় আসতে পারে। তবে সবাইকে ছাপিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী দেশের অধিনায়ক বিরাট কোহলিকেই এগিয়ে রাখলেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির।
রাজনৈতিক বৈরি সম্পর্কের কারণে ভারত ও পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রয়েছে দীর্ঘদিন ধরে। তবে সব ক্ষোভ ভুলে কোহলি বন্দনা করতে দেখা গেছে সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সেরা গতি তারকা মোহাম্মদ আমিরকে। টুইটারে এক চ্যাটিং সেশনে ভক্তদের প্রশ্নের জবাবে এই মুহূর্তে কোহলিকে বিশ্বের সেরা ব্যাটসম্যান দাবি করেছেন আমির।
স্পট ফিক্সিংয়ের সাজা শেষে ক্রিকেটে ফিরে নিজের সেরাটা জানান দিচ্ছেন আমির। গতবার এশিয়া কাপের আগে আমিরকে নিয়ে কোহলি বলেছিলেন, ‘আবারও আমিরকে বোলিংয়ে দেখে আমি আনন্দিত। সে তার ভুল বুঝেছে। সে সবসময় অসাধারণ একজন বোলার।’
প্রতিভাবান বোলার আমিরকে ব্যক্তিগতভাবেই পছন্দ করেন কোহলি। ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় ভারত-পাকিস্তান লড়াইয়ের আগে আমিরকে একটি ব্যাট উপহার দিয়েছিলেন ভারতীয় অধিনায়ক। তখন থেকেই তাদের মাঝে ভালো সম্পর্ক রয়েছে। তাই টুইটারে ভক্তরা সেরা ব্যাটসম্যানদের নাম জানতে চাইলে কোহলির কথাই অকপটে বলে দিয়েছেন আমির।


