ক্রীড়া ডেস্ক : কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছেন ১২বারের গ্র্যান্ডস্লাম চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ। মূলত কুনুইর ইনজুরির কারণেই তিনি র্যাঙ্কিংয়ে ৭২তম স্থানে থাকা ইতালির মার্কো সেসিনাতোর কাছে ৬-৩, ৭-৬ (৭-৪), ১-৬, ৭-৬ (১৩-১১) ব্যবধানে হেরে যান।
ইনজুরিতে পড়ে এমন হারের পর বিধ্বস্ত হয়ে পড়েন জকোভিচ। সাংবাদিকরা তার কাছে প্রশ্ন করতে গেলে তিনি কোনো কথা বলতে রাজি হননি। তবে তার ইনজুরির ধরন দেখে মনে হয়েছে ২ জুলাই থেকে শুরু হতে যাওয়া উইম্বলডন চ্যাম্পিয়নশিপও মিস করতে পারেন তিনি।
গেল বছর উইম্বলডনের কোয়ার্টার ফাইনাল খেলার সময় কুনুই এর ইনজুরিতে পড়েন জকোভিচ। এরপর জানুয়ারি পর্যন্ত পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে ছিলেন। জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের শেষ ষোলোতে খেলেন। অস্ট্রেলিয়ান ওপেন খেলে দুইমাস ছিলেন আলোচনার বাইরে। এরপর মার্চে ইন্ডিয়ান ওয়েলসে খেলেন। ফ্রেঞ্চ ওপেনে তিনি শুরুটা করেছিলেন ধীরস্থিরভাবে। শেষ ষোলোতে ফার্নান্দো ভার্দাস্কোকে উড়িয়ে দিয়ে পৌঁছে গিয়েছিলেন কোয়ার্টার ফাইনালেও। কিন্তু ইনজুরির কারণে এখান থেকেই বিদায় নিতে হল তাকে।
জকোভিচকে হারিয়ে কেঁদে ফেলেন মার্কো। এই প্রথম তিনি সেমিফাইনালে উঠেছেন। ৭২তম র্যাঙ্কিংয়ে থেকে ফ্রেঞ্চ ওপেনে অংশ নিয়েছিলেন। সে সময় তিনি হয়তো ভাবেননি যে আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া উইম্বলডন চ্যাম্পিয়নশিপে খেলতে পারবেন। কিন্তু জকোভিচকে হারিয়ে সেই পথটাও তার খুলে গেছে। শেষ চারে আসায় তিনি নিঃসন্দেহে র্যাঙ্কিংয়ের শীর্ষ ৩০ এর মধ্যে চলে আসবেন। আর সুযোগ পাবেন উইম্বলডন চ্যাম্পিয়নশিপে খেলার।
তবে তিনি নিজেকে বড় কিছু ভাবছেন না। উইম্বলডনে খেলা নিশ্চিত হওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আসলে উইম্বডলন খেলতে পারাটা আমার প্রতিপক্ষের জন্য সুযোগ।’


