ক্রীড়া ডেস্ক : ফুটবলের সর্বকালের সেরা একাদশ বাছাই করেছেন ব্রাজিল কিংবদন্তি রোনালদো। তার এই একাদশে কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা, পেলের পাশাপাশি বর্তমান ফুটবলের বিশ্বের অন্যতম সেরা তারকা লিওনেল মেসিও আছেন। তবে বর্তমানের আরেক সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো জায়গা পাননি।
এস্পোর্তে ইন্তেরাতিভো নামে এক ব্রাজিলিয়ান টেলিভিশন চ্যানেলের অনুরোধে নিজের সেরা একাদশ বাছাই করেছেন রোনালদো। এই একাদশে তিনি চারজন ব্রাজিলিয়ানকে নিয়েছেন। আর একাদশ সাজিয়েছেন ৪-২-২ ফর্মেশনে।
রোনালদো তার একাদশে গোলকিপার হিসেবে বেছে নিয়েছেন ইতালিয়ান গ্রেট জিয়ানলুইজি বুফনকে। রক্ষণে জাতীয় দলে রোনালদোর দুই সতীর্থ কাফু ও রবার্তো কার্লোস। রক্ষণে দুই ব্রাজিলিয়ানের পাশাপাশি আছেন ইতালিয়ান কিংবদন্তি পাওলো মালদিনি ও ফাবিও ক্যানাভারো।

আর্জেন্টিনার আছেন দুজন। মেসি ও ম্যারাডোনা। রোনালদো এই দুজনকে মাঝমাঠে রেখেছেন। মাঝমাঠে তাদের সঙ্গী ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান ও ইতালিয়ান গ্রেট আন্দে পিরলো।
আক্রমণে আছেন রোনালদো নিজে। সঙ্গী হিসেবে নিয়েছেন পেলেকে। খেলোয়াড়ি জীবনে এক হাজারের বেশি গোল করেছেন পেলে। রোনালদো গোল করেছেন চারশ’র বেশি।
রোনালদোর একাদশের ৯ জনই বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন। ব্যতিক্রম শুধু মালদিনি ও মেসি।
তথ্যসূত্র : গোল ডটকম।


