খুদে ফুটবলারসহ ১৩ জনের মধ্যে থেকে চারজনকে উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডের উত্তরে অবস্থিত থাম লায়ং গুহায় আটকে পড়া ১২ খুদে ফুটবলারসহ ১৩ জনের মধ্যে থেকে চারজনকে রোববার উদ্ধার করা হয়েছে। বাকি আট ফুটবলার ও তাদের কোচকে উদ্ধারে আজ সোমবার সকালে অপারেশন শুরু হয়েছে।

চারজনকে উদ্ধারের পর বায়ু ট্যাংক পরিবর্তনের জন্য মিশন স্থগিত করা হয়েছিল।

রোববার বৃষ্টি থামার সুযোগ নিয়েছিলেন উদ্ধারকারীরা। আরো পরে উদ্ধার অভিযান শুরু হওয়ার কথা থাকলেও কয়েক দিন বৃষ্টির পর রোববার বৃষ্টি না হওয়ায় সেদিনই উদ্ধার অভিযান শুরু করা হয়। কারণ আগামীতে কয়েক দিনের মধ্যে ভারি বৃষ্টিতে গুহায় পানির উচ্চতা বৃদ্ধির মাধ্যমে ফুটবলারদের জীবন নাশের হুমকি রয়েছে।

থাইল্যান্ড কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার চার খুদে ফুটবলারকে বেশ ভালোভাবেই কোনো বিপদ ছাড়া উদ্ধার করা গেছে। উদ্ধারকৃত কিশোররা সুস্থ আছে। তবে এখনো আটকে পড়াদের খুব দ্রুতই উদ্ধার করে নিয়ে আসতে হবে।

এ বিষয়ে চিয়াং রাই প্রদেশের গভর্নর নারংসাক ওসোত্তানাকর্ণ জানান, তিন/চার দিনের মধ্যে উদ্ধার অভিযান সমাপ্ত না হলে ভারি বৃষ্টি বিপদ ডেকে আনতে পারে।

গত ২৩ জুন দুপুরে ওই ফুটবল দলটি ১২ কিলোমিটার দীর্ঘ ওই গুহায় প্রবেশ করে। তবে সন্ধ্যায়ও ফিরে না আসলে তাদের খোঁজে অভিযান শুরু হয়।

নিখোঁজ ১৩ জনের ওই খুদে ফুটবল দলে ১২ জন খেলোয়াড় ও একজন কোচ রয়েছে। ওই ফুটবলারদের বয়স ১১ থেকে ১৬ বছরের মধ্যে। আর কোচের বয়স ২৫ বছর।

২ জুলাই রাতে তাদেরকে খুঁজে পায় ব্রিটেনের দুইজনের ডুবুরি দল। তাদের জীবিত সন্ধান পাওয়ার খবরে থাইল্যান্ড জুড়ে বইছে আনন্দের বন্যা। তবে গুহার ভেতরে পানির উচ্চতা বাড়তে থাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে।

থাম লুয়াং গুহা উত্তর থাইল্যান্ডের একটি দুর্গম স্থান হিসেবে পরিচিত। বর্ষাকালে গুহার ভেতরে বন্যা হয়, যা সাধারণত সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকে।

উদ্ধারকারীরা জানান, ওই কিশোরদেরকে কোথাও ডুবসাঁতার দিতে হবে, কোথাও হেঁটে পার হতে হবে। কারণ গুহার নিচে উদ্ধারে পথে অনেক জায়গা পুরোপুরি কর্দমাক্ত, কোথাও ১৬ ফুট পর্যন্ত পানি, কোথাও পুরোটাই পানিতে পূর্ণ, যেখানে কিছুই দেখা যায় না। এ ছাড়াও অনেক স্থান খুবই বিপজ্জনক। এর আগে খুদে ফুটবলারদের উদ্ধারে গুহার পানি কৃত্রিমভাবে সরানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছেন উদ্ধারকারীরা।

সামান গুনান (৩৮) নামের এক ডুবুরি ওই খুদে ফুটবলারদের উদ্ধার অভিযান চালাতে গিয়ে নিহত হয়েছেন। থাইল্যান্ডের নৌবাহিনী থেকে অবসর নিয়েছিলেন এই ডুবুরি। খুদে ফুটবলারদের গুহায় আটকে পড়ার খবর শুনে তিনি উদ্ধারকাজে যোগ দিতে আসেন।

সামান গুনান গুহার ভেতরে আটকে থাকাদের জন্য অক্সিজেন সিলিন্ডার সরবরাহের কাজ করছিলেন। কিন্তু সেখান থেকে ফেরার পথে নিজের সিলিন্ডারের অক্সিজেন ফুরিয়ে যাওয়ায় দমবন্ধ হয়ে যায়। পরে তার সহকারী ডুবুরি তাকে উদ্ধার করে নিয়ে আসে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। থাই রাজা তার অন্ত্যেষ্টিক্রিয়ার খরচ বহন করবেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

তথ্য : বিবিসি