গাজীপুরের ঘটনা খতিয়ে দেখার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে: আইজিপি

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ মিরাক্কেল খ্যাত কৌতুক অভিনেতা আবু হেনা রনি ও পুলিশের কনস্টেবল জিল্লুর রহমানের শারিরীক অবস্থা কিছুটা ভালোর দিকে- এমনটাই জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

সোমবার (১৯ সেপ্টেম্বর) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজির আহমেদসহ মেডিক্যাল বোর্ডের সদস্যরা দগ্ধদের খোঁজখবর নিয়ে সাংবাদিকদের এ কথা জানান।

আইজিপি বলেন, বেলুন বিস্ফোরণের ঘটনা গাজীপুর মেট্রোপলিটন পুলিশকে খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এধরনের ঘটনা এড়াতে নবাইকে সর্বাত্মক সচেতন হওয়ারও আহ্বান জানান তিনি।

দগ্ধদের চিকিৎসায় সবধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান ড. বেনজির আহমেদ।