গাজীপুরে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : জেলার কাপাসিয়ায় নিখোঁজের পাঁচদিন পর গজারী বনের ভেতর থেকে আবুল কালাম (৪২) নামে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুরে কাপাসিয়া উপজেলার মারুলিয়া পাড়ার গাজীরটেক এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। আবুল কালাম কাপাসিয়া উপজেলার হাইলজোর গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে।

পুলিশ এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী রাবেয়া আক্তার লাভলী (৩৫) ও তার কথিত প্রেমিক আলমকে (৪৫) আটক করেছে।

কাপাসিয়া থানার ইন্সপেক্টর (অপারেশন) মো. মনিরুজ্জামান খান জানান, একই এলাকায় শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশে গত ৯ অক্টোবর সন্ধ্যায় আবুল কালাম বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে সম্ভাব্য স্থানে খুঁজে না পেয়ে ১২ অক্টোবর স্বজনরা কাপাসিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

আজ সকালে এলাকার কয়েকজন গরু চড়াতে গিয়ে গাজীরটেকে গজারী বনের ভেতর লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। দুপুর সোয়া ১টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের বাঁ পায়ের গোড়ালির নিচের অংশ ছিল না। নিহতের বড়ভাই আব্দুস সামাদ লাশ শনাক্ত করেছেন। ময়নাতদন্তের জন্য লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, নিহতের স্ত্রী লাভলীর সঙ্গে স্থানীয় যুবক আলমের পরকীয়া ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এর জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী ও আলমকে আটক করা হয়েছে।