নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের টঙ্গী এলাকা থেকে গাঁজা ও ইয়াবাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার সকালে টঙ্গীর আমতলী ও কেরানীরটেক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- ঢাকার উত্তর কাফরুল এলাকার আলী হোসেনের ছেলে মো. বাবু (২৫), আশকোনা এলাকার আবু সাঈদের ছেলে মুজিবুর রহমান (৬০), কচুখেত এলাকার সাঈদ মিয়ার ছেলে বাবু মিয়া (২৮), টঙ্গীর হিমারদীঘি এলাকার আব্দুল কাদেরের স্ত্রী রহিমা খাতুন (৫০) ও কেরানীরটেক এলাকার আব্দুল হাইয়ের ছেলে এনামুল হক (৩৬)।
গাজীপুর জেলা মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক আজিজুল হক জানান, সকালে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরিফুল ইসলাম ও মাহমুদা শাহরীনের নেতৃত্বে টঙ্গীর আমতলী ও কেরানীরটেক এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ২০ কেজি গাঁজাসহ রহিমা খাতুন ও এনামুল হককে, পাঁচ কেজি গাঁজাসহ মো. বাবু ও মুজিবুর রহমানকে এবং ৪০ পিস ইয়াবাসহ বাবু মিয়াকে গ্রেপ্তার করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মো. বাবু ও মুজিবুর রহমানকে দুই বছর করে ও বাবু মিয়াকে দেড় বছরের কারাদণ্ড দেওয়া হয়। অপর গ্রেপ্তারকৃত রহিমা খাতুন ও এনামুল হকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।


