গাজীপুরে মহাসড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক রিকশাচালক ও এক কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : শুক্রবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের বোর্ডবাজার এবং বৃহস্পতিবার রাতে শ্রীপুরের জৈনাবাজার এলাকায় এ দুর্ঘটনা দুটি ঘটে। নিহত রিকশাচালক মিলন মিয়ার (৩৫) বাড়ি নওগাঁ জেলায় এবং কিশোর সুজন মিয়া (১৩) ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কানোয়ারি এলাকার শামসুদ্দিনের ছেলে। নাওজোর হাইওয়ে থানার ওসি মো. অহিদুজ্জামান জানান, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ওই মহাসড়কের বোর্ডবাজার এলাকায় একটি রিকশা এক লেন থেকে আরেক লেনে যাওয়ার সময় এনা পরিবহনের একটি বাস ওই রিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই রিকশাচালক মিলন মিয়ার মৃত্যু হয়। বাসটি আটক করা হয়েছে। শ্রীপুর থানার এসআই মো. মহসিন মিয়া ও স্থানীয়রা জানান, সুজন বাইসাইকেল চালিয়ে যাওয়ার পথে জৈনাবাজার এলাকায় রাত সাড়ে ১০টার দিকে একটি ট্রাক তার সাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সুজন জৈনাবাজার একটি খাবার হোটেলে হোটেলবয় হিসেবে কাজ করত।