নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কালিয়াকৈর উপজেলা থেকে মাটি চাপা দেওয়া অবস্থায় অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার চাপাইর ইউনিয়নের বড়গোবিন্দপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৩৫ বছর। পরনে নীল রংয়ের প্রিন্টের সেলোয়ার কামিজ রয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এবং স্থানীয়রা জানান, বিকেলে বড়গোবিন্দপুর এলাকার বনের পাশে মাটি চাপা দেওয়া একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে রাত ৯টার দিকে মাটি খুড়ে লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি জানান, লাশটি তিন/চার দিনের পুরানো এবং পচন ধরে গেছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ মাটি চাপা দিয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।


