নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর মিরপুরে গার্মেন্টস স্থানান্তরের প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।
বৃহস্পতিবার সকাল ৮টায় মিরপুরের শেওড়াপাড়ায় (মেট্রোরেল স্টেশন) জে কে ফ্যাশনস লিমিটেডের কয়েকশ শ্রমিক দুপাশের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন।
এতে মিরপুর-১০ থেকে ফার্মগেটগামী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। মিরপুরের বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। আশপাশে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
বিক্ষোভকারী শ্রমিকরা জানান, তাদের বকেয়া বেতন ও জে কে ফ্যাশনস গার্মেন্টস টঙ্গীতে স্থানান্তর করার প্রতিবাদে তারা রাস্তায় নেমেছে।
গার্মেন্টস শ্রমিক শিলা বলেন, আমি মিরপুর থাকি। শুনেছি টঙ্গীতে গার্মেন্টস নিয়ে যাবে। গার্মেন্টস যদি টঙ্গীতে চলে যায় কীভাবে চাকরি করব। এক মাসের বেতন বাকি। আমার ছেলেমেয়েরা এখানে স্কুলে পড়ে। এতদূরে গিয়ে চাকরি করা সম্ভব নয়।
মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ট্রাফিক) মো. জসিম উদ্দিন বলেন, সকাল ৮টা থেকে শ্রমিকরা রাস্তায় আছে। তাদের সঙ্গে কথা বলে রাস্তা থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। যানবাহনের প্রচুর চাপ থাকায় আপাতত মিরপুর-১০ থেকে ১৪ নম্বর দিয়ে ক্যান্টনমেন্ট হয়ে গাড়ি চলছে।


