গুনে গুনে পাঁচটি উইকেট নাসিরের; চিটাগং গুটিয়ে যায় মাত্র ৬৭ রানে

ক্রীড়া প্রতিবেদক : প্রথম শ্রেণির ক্রিকেট এবং লিস্ট ‘এ’ ক্রিকেটে পাঁচ উইকেটের স্বাদ অনেক আগেই পেয়েছেন নাসির হোসেন। ডানহাতি এই স্পিনার এবার টি-টোয়েন্টিতেও সেই স্বাদ পেলেন।

এর আগে কখনোই টি-টোয়েন্টিতে ৩ উইকেটের বেশি পাননি নাসির। আজ বিপিএলে চিটাগং ভাইকিংসের বিপক্ষে বল হাতে গুনে গুনে পাঁচটি উইকেট নেন সিলেট সিক্সার্সের অধিনায়ক। চতুর্থ বোলার হিসেবে এবারের বিপিএলে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন নাসির।

মিরপুরে টস জিতে বোলিং নিয়ে প্রথম ওভারেই নিজেকে বোলিংয়ে আনেন নাসির। স্লো এবং টার্নি উইকেটের পুরো সুবিধা আদায় করেন এই স্পিনার। প্রথম বলে লুক রনকি বিশাল ছক্কা হাঁকান। পরের বলে আবারো একই শট রনকির। কিন্তু এবার বল মিস করলেন চিটাগংয়ের অধিনায়ক। সরাসরি বোল্ড রনকি। ওভারের শেষ বলে আবারো চিটাগং শিবিরে আঘাত হানেন নাসির। তার আর্ম বলে ফরোয়ার্ড ডিফেন্স করতে গিয়ে সৌম্য ফিরতি ক্যাচ দেন নাসিরকে।

তৃতীয় ওভারের তৃতীয় বলে রিচের কাছে ছক্কা হজম করেন নাসির। এক বল পরই প্রতিশোধ নেন নাসির। লাইনের বাইরের বল টেনে স্লগ সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হন রিচ। পঞ্চম ওভারে আবারো উইকেটের স্বাদ পান নাসির। এবার তার শিকার তানভীর হায়দার। ব্যাকফুটে ডাক করতে গিয়ে এলবিডব্লিউ হন ডানহাতি এ ব্যাটসম্যান। আম্পায়ার আঙুল তুললেও উইকেট পেতে ভাগ্যকে পাশে পেয়েছিলেন নাসির। বল স্টাম্প বরাবর পিচ করলেও উইকেটে আঘাত করত না। বেরিয়ে যাচ্ছিল অফ স্টাম্পের বাইরে দিয়ে।

নিজের স্পেলের শেষ ওভারে ১০ রান খরচ করেন নাসির। কিন্তু ঠিকই তুলে নেন পঞ্চম উইকেট। নাসিরের টার্ন করা বল মিড উইকেটে খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন স্টিয়ান ভিন জিল। ৪ ওভারে তার বোলিং ফিগার ৪-০-৩১-৫।

তার দুর্দান্ত বোলিংয়ে চিটাগং গুটিয়ে যায় মাত্র ৬৭ রানে, যা এবারের বিপিএলে সর্বনিম্ন রান। আর বিপিএলের ইতিহাসে যৌথভাবে চতুর্থ সর্বনিম্ন।

নাসিরের পাঁচ উইকেটের পাশাপাশি নাবিল সামাদ ৩টি এবং শরীফউল্লাহ ২টি উইকেট নেন। চিটাগংয়ের হয়ে সর্বোচ্চ ১৫ রান করেন ইরফান শুক্কুর। ১২ রান আসে রিচের ব্যাট থেকে। স্টিয়ান ভন জিল করেন ১১ রান। এ ছাড়া কোনো ব্যাটসম্যান দুই অঙ্ক ছুঁতে পারেননি।

এর আগে এবারের বিপিএলে পাঁচ উইকেট নেন হাসান আলী, সাকিব আল হাসান ও শফিউল ইসলাম।