গোপালগঞ্জে কার্ভাডভ্যান-মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

গোপালগঞ্জের কোটালীপাড়ায় কার্ভাডভ্যান ও মোটর সাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষে দুই কলেজছাত্রসহ তিনজন নিহত হয়েছেন।

সোমবার গোপালগঞ্জ-পয়সারহাট আঞ্চলকি মহাসড়কের সকিরি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাধাগঞ্জ ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের লাবু শেখের ছেলে রুদ্র মাহামুদ (২০), কোটালীপাড়া পৌরসভার উলাহাটি গ্রামের ফারুক গাজীর ছেলে মুরাদ গাজী (২২) ও একই উপজেলার আমতলী ইউনিয়নের ঊনশিয়া গ্রামের নওশের হাওলাদারের ছেলে নাঈম হাওলাদার (২২)।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, বরিশাল থেকে ছেড়ে আসা সুন্দরবন কার্গো সার্ভিসের একটি কাভার্ডভ্যান আমতলী ইউনিয়নের সিকির বাজার মোড়ে কবি সুকান্ত ম্যুরালের কাছে বিপরীতমুখী একটি মোটর সাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী রুদ্র মাহামুদ ও মুরাদ গাজী ঘটনাস্থলে নিহত হন। অপর আহত নাঈম হাওলাদারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান।

তিনি আরও জানান, এ ঘটনায় ঘাতক কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।