গোপালগঞ্জে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে এক যুবক নিহত ও কমপক্ষে ২০ জন আহত

গোপালগঞ্জ প্রতিনিধি : মঙ্গলবার সকালে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাহারা গ্রামে এ সংঘর্ষ হয়। নিহত ফায়েক মিয়া মুকসুদপুর উপজেলার বাহারা গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে।

গোপালগঞ্জের মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ফায়েক মিয়া (৩০) নামের এক যুবক নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

মুকুসদুপর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান জানান, উপজেলার বাহারা গ্রামের আবু তৈয়ব মিয়া ও সরোয়ার মিয়ার মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে মঙ্গলবার সকালে উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়ে। ঘণ্টাব্যাপী ধরে চলা এ সংঘর্ষে সরোয়ার গ্রুপের সমর্থক ফায়েক মিয়া নিহত হন। এ সময় উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয় এবং বেশ কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকার পরিস্থিতি এখন শান্ত। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।