ক্রীড়া ডেস্ক : ঘরের মাঠে বিদায়ী ম্যাচে দলের কাছ থেকে দারুণ উপহারই পেলেন আর্সেন ওয়েঙ্গার। প্রিমিয়ার লিগে বার্নলিকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্সেনাল।
এমিরেটস স্টেডিয়ামে এটিই ছিল আর্সেনালের কোচ হিসেবে ওয়েঙ্গারের শেষ ম্যাচ। এই মৌসুম শেষে ২২ বছরের আর্সেনাল ক্যারিয়ারের ইতি টানতে যাওয়া ওয়েঙ্গারকে রোববার ম্যাচের শুরুতে গার্ড অব অনার দেয় দুই দলের খেলোয়াড়রা।
ঘরের মাঠে ম্যাচের ১৪ মিনিটেই গোল করে আর্সেনালকে এগিয়ে দেন গ্যাবনের স্ট্রাইকার পিয়েরে-এমরিক অবামেয়াং। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন আলেকজান্দ্রে লাকাজেত্তি।
বাকি তিনটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ৫৪ মিনিটে দলের তৃতীয় গোলটি করেন সিড কোলাসিনাক। দশ মিনিট পর স্কোরলাইন ৪-০ করে ফেলেন অ্যালেক্স লওবি। আর ৭৫ মিনিটে অবামেয়াংয়ের দ্বিতীয় গোলে বিশাল জয় নিশ্চিত হয়ে যায় ‘গানার’দের।
এই জয়ের পর ৩৬ ম্যাচে ১৮ জয় ও ছয় ড্রয়ে ৬০ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের ছয় নম্বরে আছে আর্সেনাল।
আর্সেনালের কোচ হিসেবে এমিরেটস স্টেডিয়ামে এটি ছিল ওয়েঙ্গারের ৬০৬তম ম্যাচ। এর মধ্যে আর্সেনাল জিতেছে ৪১৫টি, ড্র হয়েছে ১২০টি, হেরেছে ৭১টি। ওয়েঙ্গারের অধীনে এই নিয়ে ২৭ বার ঘরের মাঠে পাঁচ কিংবা এর বেশি গোলে জয় পেল আর্সেনাল।


