রাজিব শর্মা, চট্টগ্রাম ব্যুরোঃ নিরাপত্তাকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চট্টগ্রামে বেসরকারি সাউথইস্ট ব্যাংকের একটি শাখা অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছে পুলিশ।
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন ক্রাইমপেট্রোলবিডি ডটকমকে বলেন, ব্যাংকটির খাতুনগঞ্জ শাখার একজন সিকিউরিটি ইনচার্জ কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন বলে সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়েছে।
“আমরা ব্যাংক কর্তৃপক্ষের সাথে আলাপ করেছি। সিভিল সার্জনের পরামর্শ অনুযায়ী তাদের নির্দেশনা দিয়েছি শাখাটি অবরুদ্ধ করে সব কর্মকর্তা-কর্মচারীদের কোয়ারেন্টিনে যাওয়ার জন্য।”
“আজকে সাপ্তাহিক ছুটি। ওই শাখায় কতজন কর্মকর্তা-কর্মচারী আছেন সেটাও পুলিশকে জানানোর পাশাপাশি কোয়ারেন্টিন নিশ্চিত করতে বলা হয়েছে।”
এর আগে কোভিড-১৯ আক্রান্ত এক ব্যক্তি ও তার সহকর্মীর ব্যাংকে যাতায়াত থাকায় গত ৯ এপ্রিল ব্যাংক এশিয়ার আন্দরকিল্লা শাখাও অবরুদ্ধ করে কর্মকর্তা-কর্মচারীদের ১৪ দিনের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছিল।


