রাজিব শর্মা, চট্টগ্রামঃ চট্টগ্রামে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে এক যুবককে মারধর করে পুলিশে সোপর্দ করা হয়েছে।গ্রেফতার মো. নাইমুল ইসলাম মিরাজ (৩২) চট্টগ্রামের মিরসরাইয়ের রাজপাড়া জসিম ড্রাইভারের বাড়ির মফিজুর রহমানের ছেলে।
সোমবার সকাল ১১টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়ে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ , গত ২৬ এপ্রিল সুমি বেগমের স্বামী তানজিল হোসেনকে মাদক মামলায় গ্রেফতার করে হালিশহর থানা পুলিশ। এরপর স্বামীকে দেখতে বিভিন্ন সময়ে কারাগারে যেতেন সুমি। গত ১৪ মে সকালে কারাগারে সুমি তার স্বামীকে দেখতে যান। তখন মিরাজ নিজেকে পুলিশের এসআই পরিচয় দিয়ে সুমিকে জানান, তার স্বামীকে সে গ্রেফতার করেছে। ২০ হাজার টাকা দিলে এক ঘন্টার মধ্যে জামিন করিয়ে দেবে।এরপর অগ্রিম ১০ হাজার টাকা মিরাজকে দিয়ে সুমি প্রতিশ্রুতি দেন স্বামী ছাড়া পেলে বাকি ১০ হাজার টাকা দেবেন। এরপর নির্ধারিত সময়ের পর মুক্তি পাননি তানজিল। অন্যদিকে মোবাইল বন্ধ রাখেন মিরাজ।
ওসি মহসীন বলেন, ‘সোমবার সকালে কারাগারের সামনে মিরাজকে দেখতে পান সুমি। তখন জামিনের বিষয়টি বললে সুমিকে গালিগালাজ করতে থাকেন মিরাজ। এতে সন্দেহ হলে আশপাশের লোকজন মিরাজকে ধরে মারধর করে। এরইমধ্যে পুলিশের টহল টিম গিয়ে মিরাজকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।’
এ ঘটনায় সুমি বেগম বাদী হয়ে মিরাজের বিরুদ্ধে কোতোয়ালী থানায় একটি মামলা করেছেন বলে জানান ওসি।


