নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামে নগর ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস হত্যার জেরে রাস্তায় নেমে গাড়ি ভাঙচুর ও কয়েকটি যানবাহনে আগুন দিয়েছে ছাত্রলীগ কর্মীরা।
শুক্রবার বিকেলে নগরীর নিউমার্কেট, স্টেশন রোড এলাকায় এই ঘটনা ঘটে। ছাত্রলীগ নেতাদের মারমুখি অবস্থানের ফলে এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। বিপুল সংখ্যক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সুদীপ্ত বিশ্বাস হত্যাকাণ্ডের জেরে বিকেল পৌনে ৪টা থেকে কয়েকশ’ ছাত্রলীগ নেতা-কর্মী নগরীর নিউমার্কেট, স্টেশন রোড, রিয়াজুদ্দিন বাজার এলাকায় হঠাৎ করে তাণ্ডব শুরু করে। এই সময় তারা দুটি বাস ও কয়েকটি রিকশায় আগুন ধরিয়ে দেয়।
এ ছাড়া ভাঙচুর করা হয় বেশ কয়েকটি দোকান। এই সময় কোতোয়ালি থানার বিপুল সংখ্যক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামলে পুলিশের সঙ্গে ছাত্রলীগ কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিকেল ৫টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। তবে নিউমার্কেট এলাকায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
চট্টগ্রাম নগর পুলিশের কোতোয়ালি জোনের সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম খবরের সত্যতা নিশ্চিত করেছেন।


