চট্টগ্রামে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মৃত্যু

চট্টগ্রাম: নগরের ডবলমুরিং থানার দেওয়ানহাট পোস্তারপাড় এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৫ আগস্ট) বিকেল পৌনে ৫টার দিকে পলোগ্রাউন্ডের বিপরীতে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রেললাইনের উপর দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে আসা ট্রেনের নিচে চাপা পড়েন তিনি। এরপর তার মাথা-মুখমণ্ডলের ওপর দিয়ে ট্রেনের চাকা চলে যায়।

জিআরপি থানার ওসি মোস্তাফিজ ভূঁইয়া বাংলানিউজকে জানান, সোয়া পাঁচটার দিকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়। তার পরিচয় এখনো জানা যায়নি। মরদেহ শনাক্তের চেষ্টা করছি।

এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে বলে জানান ওসি।