চতুর্থ দ্রুততম আজহার পাঁচ হাজারে পাকিস্তানের

ক্রীড়া ডেস্ক : পাকিস্তানের মাত্র অষ্টম ক্রিকেটার হিসেবে টেস্টে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন আজহার আলী। তবে আট ব্যাটসম্যানের মধ্যে তিনি চতুর্থ দ্রুততম ক্রিকেটার হিসেবে এই মাইলফলক ছুঁয়েছেন।

শ্রীলঙ্কার বিপক্ষে আবুধাবি টেস্টের তৃতীয় দিন শনিবার মাইলফলক স্পর্শ করেন আজহার। দিন শেষে ৭৪ রানে অপরাজিত থাকা আজহারের এটি ১১৫তম ইনিংস।

পাকিস্তানের হয়ে দ্রুততম ৫ হাজার রানের রেকর্ডটা টেস্টে দেশটির সর্বোচ্চ রান সংগ্রাহক ইউনিস খানের (১০৬ ইনিংস)। পরের দুজন জাভেদ মিয়াঁদাদ (১০৭ ইনিংস) ও মোহাম্মদ ইউসুফ (১০৮ ইনিংস)। এরপরই আছেন আজহার।

ম্যাচের হিসাবে আজহারের চেয়ে কম ম্যাচ লেগেছে কেবল ইউনিসের। আজহারের ৬১ ম্যাচ, আর ইউনিসের ৫৯ ম্যাচ। ৬৫ ম্যাচে ৫ হাজার রান করেন মোহাম্মদ ইউসুফ।