নিউজ ডেক্স: চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যকার ম্যাচ মানেই পরতে পরতে উত্তেজনা আর শিহরণ। স্প্যানিশ জায়ান্ট এই দুই ক্লাব মাঠে নামা মানেই পুরো দুই ভাগে বিভক্ত ফুটবল বিশ্ব। দুই দলের মুখোমুখি লড়াইয়ের পোশাকী নাম এল ক্লাসিকো।
হাই ভোল্টেজ এ ম্যাচে আজ বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে মাঠে নামছে ইউরোপের দুই সেরা দল।মর্যাদার এল ক্লাসিকোর ময়দানী লড়াই শুরুর আগে চলুন এই প্রতিযোগিতার চমকপ্রদ ১০টি মজার তথ্য জেনে নেই।
ঐতিহ্যের লড়াইয়ের ১১৫ বছর
১৯০২ সালের ১৩ মে প্রথম বারের মতো মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। করোনেশন কাপের ওই ম্যাচে ৩-১ ব্যবধানে জয় পেয়েছিল বার্সেলোনা। ক্লাসিকোর প্রথম লেগে ১৯২৯ সালের ১৭ ফেব্রুয়ারিতে ২-১ ব্যবধানে প্রথম জয় পেয়েছিল রিয়াল। তবে ফিরতি দেখায় ১-০ ব্যবধানে জিতে প্রতিশোধ নেয় বার্সা।
২১ গোলে শীর্ষে মেসি
মর্যাদার এল ক্লাসিকোতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি গোল মেসির। ৩৩ ম্যাচে ২১ গোল নিয়ে শীর্ষে রয়েছেন বার্সেলোনা সুপারস্টার। এর মধ্যে ১৪টিই লা লিগায়। ১৮ গোল নিয়ে দ্বিতীয় স্থানে আলফ্রেডো ডি স্টেফানো। তার চেয়ে দুই গোল কম নিয়ে তৃতীয় স্থানে রোনালদো। যেখানে লিগ ম্যাচে ৮টি গোল রয়েছে পর্তুগিজ তারকার। তবে শেষ ছয় এল ক্লাসিকোতে কোনো গোলের দেখা পাননি মেসি।
সবথেকে বেশি ম্যাচ যার
এল ক্লাসিকোতে সবথেকে বেশি ম্যাচ খেলেছেন ম্যানুয়েল সানচিস। সর্বোচ্চ ৪৩টি এল ক্লাসিকো খেলেছেন রিয়াল মাদ্রিদ এ ডিফেন্ডার যার ২৯টিই ছিল লিগ ম্যাচ। ৩৪ এল ক্লাসিকো ম্যাচ নিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা। তার একটি করে ম্যাচ কম খেলে তৃতীয় স্থানে রয়েছেন সার্জিও রামোস ও লিওনেল মেসি।
বড় স্কোরের সাক্ষী মাদ্রিদ
১৯৩৪/৩৫ মৌসুমে মাদ্রিদের এল ক্লাসিকোতে সর্বোচ্চ ১০টি গোল হয়েছিল। ওই ম্যাচে ৮-২ ব্যবধানে বড় জয় পেয়েছিল রিয়াল মাদ্রিদ। ১৯৭৩/৭৪ মৌসুমে সান্তিয়াগো বার্নাব্যুতে সর্বোচ্চ ৫-০ ব্যবধানে জয় পায় বার্সেলোনা। এরপর ২০০৮/০৯ মৌসুমে মেসির জোড়া গোলে ক্যাম্প ন্যুতে সর্বোচ্চ ৬-২ গোলে রিয়ালকে হারিয়েছিল কাতালান ক্লাবটি।
শেষ ১৫ বছরে স্কোর ০-০ নেই
সবশেষ ২০০২ সালের ২৩ নভেম্বরের এল ক্লাসিকো ম্যাচটির ফলাফল গোল শূন্য ড্র হয়েছিল। ০-০ স্কোরের ওই ফলাফলটি এসেছিল ক্যাম্প ন্যুতে। সান্তিয়াগো বার্নাব্যুতে এই ফলাফল খুঁজতে চাইলে ফিরে যেতে হবে আরও আগে ১৯৮৬/৮৭ মৌসুমে।
নিঃস্ফল হোম অ্যাডভান্টেজ
বার্সা বার্নাব্যুতে তাদের শেষ সফরে ৪-০ ব্যবধানে জয় পেয়েছে। অন্যদিকে ক্যাম্প ন্যুতে শেষ দুই ম্যাচে রিয়াল একটিতে জয় (২-১) পায় এবং অপরটিতে ড্র (১-১) করে। ক্লাসিকোর শেষ তিন ম্যাচে ঘরের মাঠের সু্বিধা এক্ষেত্রে কাজে লাগাতে পারেনি কোন দলই।
রামোস ও ইনিয়েস্তা
এল ক্লাসিকোতে স্প্যানিশ ফুটবলার হিসেবে সান্তিয়াগো বার্নাব্যুতে রামোস ও ইনিয়েস্তা সবশেষ গোল পেয়েছেন। ২০১২/১৩ মৌসুমের ক্লাসিকোতে গোল পেয়েছিলেন এ দুই স্প্যানিয়ার্ড। এরপর ২০১৫/১৬ মৌসুমে বার্সার ৪-০ গোলের জয়ে গোল পান ইনিয়েস্তা।
৫৫ ম্যাচ পর পাগলা ঘোড়া রিয়াল
টানা ৫৫ ম্যাচে গোল করার পর আজ ক্লাসিকোতে বার্সার মুখোমুখি হচ্ছে রিয়াল। চ্যাম্পিয়নস লিগে সবশেষ বায়ার্নের বিপক্ষে গোল করেছে দলটি। অন্যদিকে জুভেন্টাসের বিপক্ষে সবশেষ ম্যাচে গোলশূন্য ড্র করেছে বার্সেলোনা।
এগিয়ে ‘এমএসএন’ ত্রয়ী
এবার বার্সেলোনার হয়ে বেশির ভাগ গোল এসেছে মেসি-নেইমার ও সুয়ারেজের কাছ থেকে (এমএসএন)। লিগে মেসির সর্বোচ্চ ২৯, সুয়ারেজের ২৪ এবং নেইমারের ৯টি গোল রয়েছে। কাতালানদের মোট ৯২ গোলের মধ্যে ৬২ গোল করেছেন এমএসএন ত্রয়ী।
অন্যদিকে চলতি মৌসুমে লিগে রিয়ালের ৮২ গোলের মধ্যে ৩৫ গোল করেছেন বেল-বেনজেমা ও ক্রিস্টিয়ানো রোনালদো (বিবিসি)। এর মধ্যে রোনালদোর ১৯, বেনজেমার ৯ এবং গ্যারেথ বেলের ৭টি গোল রয়েছে। এছাড়া লিগে আলভারো মোরাতার ১১টি। ইস্কোর ৯টি এবং রামোসের ৭টি গোল রয়েছে।
২ দল, ১৪ জাতি
বিশ্বের সেরা দুটি ফুটবল দল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ইউরোপ ও আমেরিকার মোট ১৪টি দেশের বিভিন্ন ফুটবলার এই দুই দলের হয়ে খেলছেন। এর মধ্যে ব্রাজিলের ৫, ফ্রান্সের ৪, পর্তুগালের ৪, ক্রোয়েশিয়া ৩ এবং আর্জেন্টিনা ও জার্মানির দুইজন করে ফুটবলার রয়েছেন। এছাড়া একজন করে ফুটবলার রয়েছেন কোস্টারিকা, কলম্বিয়া, ওয়েলস, ডোমিনিকান রিপাবলিক, নেদারল্যান্ডস, তুর্কি এবং উরুগুয়ের।


