ইয়াছিন, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে কৃতী শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টায় চরফ্যাশন ব্রজ গোপাল টাউন হলে আল-ইত্তেহাদ ফাউন্ডেশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আল-ইত্তেহাদ ফাউন্ডেশন অ্যাওয়ার্ড-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শতাধিক কৃতী শিক্ষার্থীকে সনদ, ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের উৎসাহিত করতে শিক্ষক ও অভিভাবকদেরও সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন। সভাপতিত্ব করেন মাওলানা মো. রফিকুল ইসলাম আসলামী। এ সময় কৃতী শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন বলেন, বৃত্তি পরীক্ষা নেওয়ার পর দ্রুত সময়ের মধ্যে ফলাফল প্রকাশের উদ্যোগ নেওয়া প্রয়োজন। তিনি পরীক্ষার খাতা মূল্যায়নের সময় পরীক্ষার্থীদের নাম গোপন রাখার পরামর্শ দেন। এতে ফলাফল প্রকাশের প্রক্রিয়া আরও স্বচ্ছ ও নিরপেক্ষ হবে বলে তিনি উল্লেখ করেন।
সভাপতির বক্তব্যে মাওলানা মো. রফিকুল ইসলাম আসলামী বলেন, প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের নিয়ে বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীসহ অন্যান্য শিক্ষার্থী ও অভিভাবকদের উৎসাহিত করা এবং শিক্ষার বিষয়ে সচেতনতা বাড়ানোই এ সংবর্ধনা অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে বক্তারা কৃতী শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও মনোযোগ দিয়ে পড়াশোনা করার আহ্বান জানান। একই সঙ্গে নিজেদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
আয়োজকরা জানান, এ ধরনের সংবর্ধনা শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে এবং ভবিষ্যতে ভালো করার ক্ষেত্রে তাদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।


