ক্রীড়া ডেস্ক : প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির জয়রথ চলছেই। গ্যাব্রিয়েল জেসুস ও কেভিন ডি ব্রুইনের গোলে লেস্টার সিটিকে ২-০ ব্যবধানে হারিয়ে টানা দশম জয় তুলে নিয়েছে পেপ গার্দিওলার দল।
লেস্টারের মাঠে শনিবার ম্যাচে প্রথম গোল পেতে অবশ্য ৪৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে সিটিকে। প্রথমার্ধের শেষ মিনিটে ডেভিড সিলভার পাস থেকে গোল করে অতিথিদের এগিয়ে দেন জেসুস। চলতি লিগে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের এটি অষ্টম গোল।
দ্বিতীয়ার্ধের শুরুতেই (৪৯ মিনিট) সিটির হয়ে ব্যবধান দ্বিগুণ করেন বেলজিয়ান মিডফিল্ডার ডি ব্রুইন। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ২-০ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে গার্দিওলার দল।
এই জয়ে আট পয়েন্ট এগিয়ে থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। ১২ ম্যাচে তাদের পয়েন্ট ৩৪। ২৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে অন্য ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডকে ৪-১ গোলে হারানো ম্যানচেস্টার ইউনাইটেড।


