আজিম উদ্দিন, চাঁপাই নবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার দারাবাজ–গাবতলা গ্রামের আরিফ
হোসেনের স্ত্রী নাজিরন বেগম। স্বামীর দুই স্ত্রী হওয়াতে অভাব–অনটনে সংসার কাটে নাজিরন বেগমের। তাই বাধ্য হয়েই অন্যের বাড়িতে কাজ করে ও ভিক্ষা করে সংসার চালাতে হয়।
এক ছেলেকে নিয়ে সংসার চলে তার। এভাবেই নাজিরন বেগম জমি কেনার জন্য তিলেতিলে জমা করেছিলেন এক লাখ টাকা। কিন্তু শত কষ্টে জমানো এই টাকা পুড়ে ছাই হয়ে গেছে । গত বুধবার (২৩ মার্চ) রাত ৮টার দিকে তার বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
নাজিরন বেগম ও তার পরিবার, স্থানীয় বাসিন্দা এবং ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, হঠাৎ করে বুধবার রাত ৮টার বাড়িতে আগুন লাগে। এসময় স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রনে আসে। তবে তার আগেই বাড়ির ৪টি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে জমি কেনা বাবদ বাড়িতে থাকা ১ লাখ টাকা,২টি ছাগল, ২০টি মুরগি, ২ মণ চাউল, কাপড়সহ বাড়ির আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
গোমস্তাপুর উপজেলা রহনপুর ফায়র সার্ভিসের স্টেশন অফিসার আকবর আলী জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্তণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যতিক সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।


