ক্রীড়া ডেস্ক : শনিবার রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ইনজুরিতে পড়েন মোহাম্মদ সালাহ। ম্যাচের ২৯ মিনিটে সার্জিও রামোসের করা কড়া ট্যাকেলে বাম হাতে সংযোগস্থলের লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয় তার। কেঁদে কেঁদে মাঠ ছাড়েন তিনি।
ইনজুরির পর থেকে লিভারপুলের সঙ্গেই ছিলেন সালাহ। মঙ্গলবার তিনি সার্জিও রামোসের দেশ স্পেনে গিয়েছেন তার ইনজুরির চিকিৎসা নিতে। হুড দিয়ে মাথা ঢেকে গেলেও সাংবাদিকদের দৃষ্টি এড়াতে পারেননি তিনি। সাংবাদিকরা তাকে পেয়ে প্রশ্ন করলেও কোনো প্রশ্নের উত্তর দেননি তিনি।
তবে মিশরের ফুটবলপ্রেমীদের খুশি হওয়ার মতো অবস্থায় দেখা গেছে সালাহকে। মঙ্গলবার সালাহও হাত কাঁধের সঙ্গে ঝোলানো ছিল না। স্বাভাবিক ছিল। তার মানে তার ইনজুরি খুব বেশি মারাত্মক নয়। চিকিৎসা নিলে হয়তো দ্রুতই সেরে উঠবেন।
বিশ্বকাপে মিশর রয়েছে ‘এ’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ উরুগুয়ে, রাশিয়া ও সৌদি আরব। ১৫ জুন প্রথম ম্যাচে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় উরুগুয়ের মুখোমুখি হবে মিশর। এরপর ১৯ জুন দিবাগত রাত ১২টায় স্বাগতিক রাশিয়া ও ২৫ জুন রাত ৮টায় সৌদি আরবের সঙ্গে খেলবে সালাহর দেশ।


