আন্তর্জাতিক ডেস্ক : শুক্রবার বেইজিংয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠকের পর চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সাংবাদিকদের এ কথা বলেছেন। মিয়ানমারের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত চীন। রোহিঙ্গা ইস্যুতে পশ্চিমা দেশ ও জাতিসংঘ তীব্র সমালোচনা করলেও এতোদিন চীন এ বিষয়ে কোনো উচ্চবাচ্য করেনি।
শুক্রবার বেইজিংয়ের দিয়াওইউতাই স্টেট গেস্টহাউজে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বৈঠক শেষে ওয়াং সাংবাদিকদের জানান, তিনি বৃহস্পতিবার বেইজিংয়ে মিয়ানমারের স্টেট কাউন্সিলরের দপ্তরের কর্মকর্তা কিয়াও তিনত স-এর সঙ্গে বৈঠক করেছেন। তার কাছ থেকে তিনি জানতে পেরেছেন, মিয়ানমার রোহিঙ্গা প্রত্যাবাসন সমস্যা নিরসনের চেষ্টা করছে।
ওয়াং বলেন, ‘আমি সত্যিকারার্থে বিশ্বাস করি, যারা বাংলাদেশে শরণার্থি হিসেবে প্রবেশ করেছে তাদেরকে গ্রহণ করতে মিয়ানমার ইতিমধ্যে প্রস্তুত।’
তিনি বলেন, ‘আমরা আসলেই প্রত্যাবাসন প্রক্রিয়া দেখার আশা করছি, বিশেষ করে প্রত্যাগামীদের প্রথম ব্যাচটি যেন অতি দ্রুত ফিরতে পারে।’
চীনা পররাষ্ট্রমন্ত্রী জানান, চীন এ ব্যাপারে সহযোগিতা প্রদান ও গঠনমূলক ভূমিকা পালন করবে। যারা ফিরে যাবে তাদের জন্য ইতিমধ্যে চীন ঘরের ব্যবস্থা করেছে এবং বাংলাদেশের জন্য চীন তাবু ও অন্যান্য ত্রাণ সামগ্রী সরবরাহ করেছে।
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সাংবাদিকদের জানিয়েছেন, তিনি রোহিঙ্গা ইস্যুতে চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিশদ আলোচনা করেছেন।
তিনি বলেন, ‘এই বাস্তুচ্যুত লোকদের তাদের নিজেদের দেশে ফিরে যাওয়ার জন্য রাখাইনে একটি সহায়ক পরিবেশ সৃষ্টিতে আমরা চীনের সহযোগিতা চেয়েছি। এই বিষয়টি সমাধানের জন্য চীন তার সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে। এই সমস্যা কীভাবে সমাধান করা যায় তার জন্য আমরা চীনের চমৎকার সহযোগিতা পেয়েছি বলে আমি মনে করি।’


