চুক্তি নবায়ন পিএসজির সঙ্গে কাভানির

ক্রীড়া ডেস্ক : চলতি মৌসুমে দারুণ ফর্মে রয়েছেন প্যারিস সেইন্ট জার্মেই তারকা এডিনসন কাভানি। ক্লাব ও দেশের হয়ে দারুণ ফর্মে থাকায় তার সঙ্গে চুক্তি নবায়ন করেছে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি। নতুন চুক্তি অনুযায়ী পার্ক দেস প্রিন্সেসের ক্লাবটিতে ২০২০ সাল পর্যন্ত থাকবেন উরুগুইয়ান এ তারকা।

২০১৩ সালে নাপোলি থেকে পিএসজিতে যোগ দেন কাভানি। দারুণ পারফরম্যান্সে ফরাসি ক্লাবটিতে নিজের অবস্থান তৈরি করে নেন তিনি। জালাতান ইব্রাহিমোভিচ ক্লাব ছাড়ার পর চলতি মৌসুমে পিএসজির হয়ে প্রায় সব ম্যাচেই গোল পাচ্ছেন তিনি। চলতি মৌসুমে আরও বিকশিত উরুগুয়ান এ তারকা। সব প্রতিযোগিতায় এবার ৪৩ ম্যাচে ৪৪ গোল করেছেন তিনি। তাই তার সঙ্গে চুক্তি বাড়িয়েছে পিএসজি।

লিগ ওয়ান চ্যাম্পিয়নদের সঙ্গে চুক্তি নবায়ন করতে পারায় আনন্দিত কাভানি। এ প্রসঙ্গে পিএসজির অফিসিয়াল ওয়েবসাইটে কাভানি জানান, ‘প্যারিস সেইন্ট জার্মেইয়ের সঙ্গে চুক্তি নবায়ন ও কথা রাখতে পারায় আমি খুবই আনন্দিত। এই ক্লাবের হয়ে চালিয়ে যাওয়ার কথা আমি সব সময়ই বলে আসছি। এটি বিশ্বের অন্যতম বড় একটি ক্লাব। সামনের মৌসুমগুলোতে আমরা আরও শিরোপা জিততে চাই।’