বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম জনপ্রিয় সিনেমা ফ্র্যাঞ্চাইজি ধুম। এর পরবর্তী সিনেমা ধুম রিলোডেড। ফ্র্যাঞ্চাইজিটির চতুর্থ এ কিস্তিতে কারা অভিনয় করবেন তা নিয়ে অনেকদিন ধরেই চলছে জল্পনা-কল্পনা।
ধুম রিলোডেড সিনেমার জন্য এখন পর্যন্ত হৃতিক রোশান, অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সালমান খানের নাম শোনা গেছে। যদিও নির্মাতাদের পক্ষ থেকে এখনো চূড়ান্ত কোনো ঘোষণা দেয়া হয়নি। তবে সালমান খান ও রণবীর সিংকে সিনেমাটিতে দেখা যাবে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।
সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যম তাদের প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে, ধুম-ফোর অর্থাৎ ধুম রিলোডেড সিনেমার জন্য সালমান খানকে চূড়ান্ত করেছেন প্রযোজক আদিত্য চোপড়া। ২০২০ সালে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করছেন তিনি। খুব শিগগির এ বিষয়ে ঘোষণা দেয়া হবে।
এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে জানান, অনেকদিন ধরেই ধুম ফোর নিয়ে সালমানের সঙ্গে আলোচনা করে আসছিলেন আদিত্য চোপড়া। তবে রেস-থ্রি মুক্তির পর গত সপ্তাহে এ বিষয়ে চূড়ান্ত চুক্তি হয়েছে। আদিত্য চোপড়া ২০২০ সালে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করছেন। বিজয় কৃষ্ণ আচার্য সিনেমাটি পরিচালনা করবেন।
এখানেই শেষ নয়, সালমানের পাশাপাশি এতে রণবীর সিংকেও দেখা যাবে। আগামী বছরের শুরুতে সিনেমাটির শুটিং শুরু হবে। মোট ১৩০ দিন এর শুটিং হবে। সিনেমার বেশিরভাগ অংশের শুটিং হবে দুবাইয়ে। নির্মাতারা ইতোমধ্যে লোকেশন চূড়ান্ত করেছেন।
যদিও যশ রাজ ফিল্মসের মুখপাত্র এ গুঞ্জন উড়িয়ে দিয়ে বলেছেন, ‘ধুম-ফোর নিয়ে কাজ এখনো শুরু হয়নি। এ ধরনের গুঞ্জনের কোনো সত্যতা নেই। কাগজপত্র তৈরি হলে আদিত্য চোপড়া এ বিষয়ে ঘোষণা দেবেন। তার আগে সবকিছু গোপন রাখা হবে।’


