চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল খেলবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা

ক্রীড়া প্রতিবেদক : পহেলা জুন থেকে মাঠে গড়াবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যাডাম জাম্পা মনে করেন, এবারের চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল খেলবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। শক্তির বিচারে এ দুই দলকেই এগিয়ে রেখেছেন ২৫ বছর বয়সি এ ক্রিকেটার।

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের দুইয়ে অবস্থান করছে। অন্যদিকে অস্ট্রেলিয়া টপকে শীর্ষে রয়েছে এবি ডি ভিলিয়ার্সের দক্ষিণ আফ্রিকা। জাম্পার বিশ্বাস আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে চ্যাম্পিয়ন হয়ে শীর্ষে উঠবে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার ঘরে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি উঠেছে দুবার। অন্যদিকে নক আউট টুর্নামেন্টে বরাবরই পিছিয়ে দক্ষিণ আফ্রিকা। তবে এবার সেরকম কিছু না হবে বলে ধারণা দিলেন জাম্পা। লেগ স্পিনার মনে করেন ওভালে ১৮ জুনের ফাইনালে খেলবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।

শুক্রবার ক্রিকেট অস্ট্রেলিয়াকে জাম্পা বলেন, ‘যদি কেউ আমাকে জিজ্ঞেস করে আমাদের সাথে কোন দল চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল খেলবে তাহলে আমি দক্ষিণ আফ্রিকার নাম বলব। আমি বিশ্বাস করি অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার এবার চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল খেলবে।’

জাম্পা আরও বলেন, ‘ওয়ানডে ক্রিকেট আমি যতুটুকুই যাদের বিপক্ষে খেলেছি আমার মনে হয় দক্ষিণ আফ্রিকা তাদের মধ্যে সবথেকে শক্তিশালী। তাদের ব্যাটিং ও বোলিং দৃঢ়তা এবং শক্তিমত্তা সত্যিই অসাধারণ। আমাদের টপকে তারা ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে। তারা খুবই ভালো অবস্থানে আছে।’

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সকে নিয়ে যত ভয় জাম্পার। ভিলিয়ার্স একাই ম্যাচ ঘুরিয়ে দিতে সক্ষম। ডানহাতি এ ব্যাটসম্যানকে নিয়ে জাম্পা বলেন, ‘ভিলিয়ার্স ফিয়ার ফেক্টর। তার বিপক্ষে বল করা কঠিন তার বিপক্ষে আমার সামান্য সফলতা রয়েছে। ত্রিদেশীয় সিরিজে সে আমাদের বিপক্ষে খেলেছিল।’

চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ ‘এ’ তে রয়েছে অস্ট্রেলিয়া। বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, বাংলাদেশ ও ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওভালে বাংলাদেশের ম্যাচ ৫ জুন।