ছয় মাস মাঠের বাইরে থাকা লাগতে পারে উসমান খানকে

ক্রীড়া ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজে জ্বলজ্বলে অভিষেক হয়েছিল পাকিস্তানি তরুণ পেসার উসমান খানের। সংযুক্ত আরব আমিরাতে দ্বিতীয় ওয়ানডেতে ৩৪ রানে ৫ উইকেট নিয়ে নিজের প্রতিভার কথা জানান দিয়েছিলেন তিনি।

ইনজুরির কারণে এবার ছয় মাস মাঠের বাইরে থাকা লাগতে পারে উসমান খানকে। স্ট্রেস চোটে ভোগা বাঁহাতি এ পেসারের ইনজুরিটি তার ক্যারিয়ারের বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে।

ওয়ানডেতে দুর্দান্ত পারফরম্যান্সের পর আবুধাবিতে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে চোটে পড়েন উসমান খান। ফলে ঘরের মাঠ লাহোরে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে খেলা হয়নি তার। শ্রীলঙ্কার বিপক্ষে পেসার মোহাম্মদ আমির ইনজুরির কারণে নিজেকে প্রত্যাহার করে নিলে সুযোগ পেয়েছিলেন ২৩ বছর বয়সী উসমান।

২০১৩ সাল থেকে ইনজুরি সমস্যায় ভুগছেন উসমান। এর আগে পিঠের ইনজুরিতে ভুগেন তিনি। ফলে ২০১৪-১৫ মৌসুমে ক্রিকেট খেলতে পারেননি পাকিস্তানি তরুণ এ পেসার। তার ইনজুরি নিয়ে পাকিস্তানি কোচ মিকি আর্থার বলেন, ‘এটা খুবই হতাশার। তবে এবার তাকে দ্রুত পুরোপুরি সেরে উঠতে সহায়তা করবে।’