জঙ্গিবাদ মোকাবিলায় বিশ্বের কাছে বাংলাদেশ রোল মডেল: র‍্যাব মহাপরিচালক

র‍্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, মাদক নির্মূলে র‌্যাব নিরলস ভূমিকা রাখছে। মাদক সমস্যা একদিনে তৈরি হয়নি, তাই অতি অল্প সময়ে তা নির্মূল সম্ভব নয়। এজন্য প্রলম্বিত অপারেশন প্রয়োজন। তবে আগের চেয়ে কক্সবাজারের বর্তমান পরিস্থিতি অনেক ভালো। আইন-শৃঙ্খলা বাহিনী ও দেশের সব নাগরিক ঐক্যবদ্ধভাবে কাজ করে মাদকের ডিমান্ড ও সরবরাহ বন্ধ করতে হবে। আর এজন্য র‌্যাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সন্ত্রাসী, জলদস্যু ও জঙ্গি দমনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছ র‍্যাব। জঙ্গিবাদ মোকাবিলায় বিশ্বের কাছে বাংলাদেশ এখন রোল মডেল।

সোমবার (২৯ আগস্ট) ‘নবজাগরণ : অপরাধকে না বলুন’ শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন তিনি।

চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, সন্ত্রাসী, জলদস্যু ও জঙ্গি দমনেও র‍্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রধানমন্ত্রীর নির্দেশে সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করা হয়েছে। দেশ এখন জঙ্গিমুক্ত। এ কারণে জঙ্গিবাদ মোকাবিলায় বিশ্বের কাছে বাংলাদেশ রোল মডেল। এছাড়াও সন্ত্রাসসহ নানা অপরাধ যেখানে সংঘঠিত হচ্ছে, সেখানে র‍্যাব সদস্যরা পৌঁছে যাচ্ছেন।

তিনি আরও বলেন, শুধু অভিযান নয়, নানা কর্মমুখী কর্মপরিকল্পনার মধ্য দিয়ে অপরাধীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা হয়। জঙ্গিদের মধ্যে অনেককে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা হয়েছে। যার কারণে বাংলাদেশ আজ জঙ্গি দমনে রোল মডেল হিসেবে পরিচিত। একইভাবে সীমান্তবর্তী কক্সবাজারে মাদকমুক্ত সমাজ বিনির্মাণে অভিযানের পাশাপাশি বহুমুখী কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

এ সময় র‌্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল খায়রুল ইসলাম সরকার, কক্সবাজারের পুলিশ সুপার মাহফুজুল ইসলাম, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম, হোটেল সাইমনের পরিচালক মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।