জরিমানার খড়গেও কাটা পড়তে হয়েছে পাকিস্তানকে

ক্রীড়া ডেস্ক : হারতে বসা পাকিস্তানকে একাই টেনে তুললেন সরফরাজ আহমেদ। খুবই সতর্কতার সঙ্গে দেখেশুনে ৭৯ বলে খেললেন ৬১ রানের অপরাজিত এক ইনিংস। তার এই ইনিংসে ভর করে পাকিস্তান শ্রীলঙ্কাকে হারিয়ে দিল ৩ উইকেটে! উঠে গেল আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে।

তার এমন বীরোচিত ব্যাটিংয়ের উপহার স্বরূপ ম্যাচসেরার পুরস্কারটি তার হাতেই উঠেছে। অবশ্য দিনশেষে জরিমানার খড়গেও কাটা পড়তে হয়েছে তাকে ও তার সতীর্থদের। স্লো ওভার রেটের কারণে পাকিস্তানের অধিনায়ক সরফরাজের ম্যাচ ফি এর ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি তার সতীর্থদের প্রত্যেকের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। ম্যাচ অফিসিয়ালস (ফিল্ড আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ড ও মারাইস এরাসমাস, তৃতীয় আম্পায়ার ক্রিস গাফানি ও চতুর্থ আম্পায়ার ইয়ান গোল্ড) এই জরিমানা করেন।

শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানকে ৫০ ওভার শেষ করতে যে নির্দিষ্ট সময় দেওয়া হয়েছিল সেই সময়ের মধ্যে তারা শেষ করতে পারেনি। নির্দিষ্ট সময়ে ১ ওভার কম করেছিল পাকিস্তান। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষেও যদি একই দোষে দোষী হন সরফরাজ তাহলে এক ম্যাচ নিষিদ্ধ হতে পারেন।

সরফরাজ আহমেদ ও তার সতীর্থরা এই জরিমানা মেনে নিয়েছে। সে কারণে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন পড়েনি।