জরিমানার জন্য আইন নয়, সড়কে শৃঙ্খলা ফেরাতে -খুলনা রেঞ্জের ডিআইজি

কাটাখালি প্রতিনিধি: বাংলাদেশ পুলিশ খুলনা রেঞ্জের ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম (বার) বলেছেন, জরিমানার জন্য আইন করা হয়নি। সড়কে শৃঙ্খলা ফেরাতে সড়ক পরিবহন আইন-২০১৮ করা হয়েছে। এই আইনের জরিমানা দিয়ে সরকার পদ্মা সেতু বানাবে না। আইন কখনও মানুষের অকল্যানের জন্য করা হয় না।

এই আইন অবশ্যই মানুষের কল্যানে করা হয়েছে।সোমবার দুপুরে জেলার কাটাখালি শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ মাঠে ট্রাফিক সচেতনতামূলক সপ্তাহ ও সড়ক পরিবহন আইনের অধীনে অনলাইনে জরিমানা পরিশোধের সফটওয়ার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ১০ জেলার জন্য আজকে যে পজ মেশিন ব্যবহারের উদ্বোধন করা হল এটা একটি ডিজিটাল সিস্টেম। যার ফলে এখানে সব ধরণের তথ্য থাকবে। এই তথ্য প্রধান সার্ভারেও সংরক্ষিত থাকবে। আইন ভঙ্গকারীকে দারে দারে ঘুরতে হবে না। সাথে সাথে জরিমানার টাকা দিয়ে দায় মুক্ত হতে পারবেন। যেহেতু সকল তথ্য অনলাইনে থাকবে তাই জরিমানাকারীও কোন প্রকার দূর্নীতি করতে পারবেন না।

বাগেরহাট জেলা পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এ কে এম নাহিদুল ইসলাম, জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ, বাগেরহাট জেলা বাস মালিক সমিতির সভাপতি শেখ নজরুল ইসলাম মন্টু, বাগেরহাট জাতীয় শ্রমিক লীগের সভাপতি রেজাউর রহমান মন্টু, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার মোল্লাহাট উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা। এছাড়া খুলনা বিভাগের ১০ জেলার পুলিশ সুপার, গনমাধ্যম কর্মীরা,বাস শ্রমিক, চালক ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।এর আগে অনলাইনে জরিমানা পরিশোধের জন্য সিস্টেমগত সহযোগিতার জন্য গ্রামীনফোন লিঃ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও বাংলাদেশ পুলিশ খুলনা রেঞ্জের মধ্যে একটি তৃপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়।