জল্পনা-কল্পনার অবসান, প্যারিস উদ্দেশ্যে মেসির রওনা

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ফ্রান্সের প্যারিস সেইন্ট জার্মেইতেই (পিএসজি) যোগ দিচ্ছেন সদ্য বার্সেলোনার বিদায়ী অধিনায়ক লিওনেল মেসি।

কিছুক্ষণ আগেই ফ্রান্সের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি। প্যারিসের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার সময় তার সঙ্গে ছিলেন তার বাবা জর্জ মেসি ও স্ত্রী-সন্তানরা। আজ স্থানীয় সময় বিকেল তিনটায় প্যারিসে নামবেন মেসি। ব্যক্তিগত বিমানে করে প্যারিস যাত্রা করেছেন মেসি।

বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় প্যারিসে নেমেই প্যারিসের পশ্চিম অঞ্চলের এক হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন মেসি। পিএসজিতে তিন বছরের জন্য চুক্তি করবেন মেসি। এর মধ্যে শেষ বছরটি ঐচ্ছিক। কিংবদন্তি ও ক্লাবের মধ্যে আলোচনা করে দুই বছরের পর সেটি বাড়ানো যাবে।

আজ মঙ্গলবার (১০ আগস্ট) স্কাই স্পোর্টসের সাংবাদিক ও ফুটবলারদের ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানো এক টুইট বার্তায় জানান, বার্ষিক ৩৫ মিলিয়ন ইউরো বা প্রায় সাড়ে তিনশ কোটি টাকা বেতনে পিএসজিতে যোগ দিচ্ছেন মেসি। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই ফ্রান্সে যাবেন তিনি এমনটিও জানিয়েছেন রোমানো।