জাতীয় স্মৃতিসৌধে ব্রুনাই সুলতানের শ্রদ্ধা

সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন ব্রুনাইর সুলতান হাসানাল বলকিয়া মুইজ্জাদ্দিন ওয়াদ্দৌলাহ। শনিবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ৩টা দিকে সেখানে পৌঁছে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এর আগে তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছান ব্রুনাই সুলতান। দুপুর আড়াইটার দিকে তাকে বহনকারী বিশেষ ভিভিআইপি ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

পরে রাষ্ট্রপতি আবদুল হামিদ ব্রুনাই সুলতানকে বিমানবন্দরে স্বাগত জানান। সেখানে তাকে লাল গালিচা সংবর্ধনাও দেয়া হয়।

বিমানবন্দরে অভ্যর্থনা অনুষ্ঠান শেষে একটি সুসজ্জিত মোটর শোভাযাত্রা সহকারে সেখান থেকে সুলতানকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে নিয়ে যাওয়া হয়।

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের স্মরণে সেখানে পুষ্পস্তবক অর্পণ করেন সুলতান। এছাড়া সেখানে একটি গাছের চারা রোপণ এবং দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন তিনি। সাভার থেকে সুলতানকে রাজধানীর একটি হোটেলে নিয়ে যাওয়া হয়। ঢাকায় অবস্থানকালে সেখানেই অবস্থান করবেন তিনি।

সুলতান হাসানাল বলকিয়ার তিনদিনের এ সফরে দেশটির সঙ্গে একটি চুক্তি ও দুটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করতে চায় বাংলাদেশ।