জাদোন সানচোর প্রথম হ্যাটট্রিক, গোল উদযাপনে ডর্টমুন্ড

খেলা ডেস্কঃ ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকে বরুশিয়া ডর্টমুন্ডকে বড় জয় এনে দিয়েছেন জাদোন সানচো। প্যাডারবোর্নকে তাদেরই মাঠে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে লুসিয়ান ফাভরের শিষ্যরা।

প্রথমার্ধ পযর্ন্ত গোলপোস্ট অক্ষত রেখেছিল প্যাডারবোর্ন। তবে দ্বিতীয়ার্ধে তা আর সম্ভব হয়নি বুন্দেসলিগা পয়েন্ট তালিকার একেবারে তলানিতে থাকা ক্লাবটির। ৫৪তম মিনিটে থোরগান হ্যাজার্ডের গোলে এগিয়ে যায় ডর্টমুন্ড।

এর ৩ মিনিট পরেই প্রথম গোলের দেখা পান সানচো। ইংলিশ মিডফিল্ডার পরের গোল দুটি করেন ৭৪ ও ম্যাচের যোগ করা প্রথম মিনিটে। ডর্টমুন্ডের হয়ে ৮৫তম মিনিটে আশরাফ হাকিমি এবং ৮৯ মিনিটে মার্সেল স্মেলজার বাকি গোল দুটি করেন। প্যাডারবোর্ন একমাত্র গোলটি পরিশোধ করে পেনাল্টি থেকে।

ব্রায়ান স্টেইনের পরে ইংলিশ প্রিমিয়ার লিগের বাইরে একমাত্র ইংলিশ তারকা হিসেবে ইউরোপের শীর্ষ লিগে হ্যাটট্রিক করলেন সানচো। মজার বিষয় হচ্ছে, ৩১ বছর আগে ঠিক আজকের এই দিনে ফ্রেঞ্জ লিগ ওয়ানে হ্যাটট্রিক করেছিলেন স্টেইন।

২০ বছর বয়সী সানচো তার ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকের পাশাপাশি ইউরোপের শীর্ষ লিগে ১৫ গোল ও ১৫ অ্যাসিস্ট করলেন। ইংলিশ তারকাদের মধ্যে এ কীর্তি আছে কেবল সাবেক সাউদ্যাম্পটন মিডফিল্ডাপর ম্যাট লে টিসির।

বিশাল ব্যবধানের এ জয়ে ২৯ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছে ডর্টমুন্ড। সমান ম্যাচে তাদের চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে থেকে শীর্ষস্থানে বায়ার্ন মিউনিখ।