জার্মানির বর্ষসেরা ক্রুস

ক্রীড়া ডেস্ক : প্রথমবারের মতো জার্মান বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতলেন টনি ক্রুস। গতবার সেরা পারফরম্যান্সের জন্য এ পুরস্কার পেয়েছিলেন ফিলিপ লাম। জার্মান ক্রীড়া সাংবাদিকদের সংগঠন ও ফুটবল ম্যাগাজিন কিকারের যৌথ আয়োজনে পুরস্কারটি দেওয়া হয়। মোট ৪৭৫ ভোটের মধ্যে ১৮৫ ভোট পেয়ে সেরা হয়েছেন রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার ক্রুস। সেরা হওয়ার দৌড়ে ক্রুস পিছনে ফেলেছেন ফ্রেইবুর্গের স্ট্রাইকার নিলস পিটারজেনকে। ৩৯ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন তিনি। এছাড়া শালকের ডিফেন্ডার নালডো ৩৮ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন। রিয়াল মাদ্রিদের জার্সিতে গত মৌসুমটি অসাধারণ কাটিয়েছেন ক্রুস। মে মাসে লিভারপুলকে ৩-১ গোলে হারিয়ে রিয়ালের টানা তৃতীয় চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ে অবদান রাখেন তিনি। এর আগে দলের উয়েফা সুপার কাপ, স্প্যানিশ সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ জয়েও তার ভূমিকা প্রশংসনীয় ছিল। ক্যরিয়ারে প্রথমবারের মতো এ পুরস্কার জয়ের পর কিকার ম্যাগাজিনকে ক্রুস বলেন, ‘বর্ষসেরা ফুটবলার হওয়াটা সবসময়ই সম্মানের। এই পুরস্কার পাওয়াটা সহজ নয়। সবাই এটা পায় না।’ এছাড়া ক্রীড়া সংবাদিকদের ভোটে সেরা কোচের পুরস্কার পেয়েছেন ইয়ুপ হেইঙ্কেস। গত মৌসুমে তার অধীনে লিগ চ্যাম্পিয়ন হয়েছে বায়ার্ন মিউনিখ।