জিতল দুই মাদ্রিদ, অ্যাটলেটিকোর পরেই রিয়াল

শনিবার রাতে ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নেমেছিল অ্যাটলেটিকো মাদ্রিদ এবং রিয়াল মাদ্রিদ। তারা দুই দলই জয় পেয়েছে। ফলে পয়েন্ট টেবিলে কোনো পরিবর্তন আসেনি।

এমন জয়ে স্প্যানিশ লা লিগার শিরোপার লড়াই জমে ক্ষীর। কারণ পয়েন্ট টেবিলের শীর্ষ চার দলের সামনেই এখন চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ।

শনিবার এলচের মাঠে খেলতে গিয়ে ১-০ গোলের ব্যবধানে জিতেছে অ্যাটলেটিকো। গোলটি করেন মার্কোস লরেন্ত।

অবশ্য ব্যবধান ২-০ হতে পারত। গোল পেয়েছিলেন লুইস সুয়ারেজও। কিন্তু অফসাইডের কারণে সেটি বাতিল হয়ে যায়।

শেষদিকে পেনাল্টি পায় এলচে। কিন্তু সমতা ফেরাতে পারেনি দলকে।

অন্য ম্যাচে নিজেদের ঘরের মাঠে ওসাসুনাকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল। ধারণা করা হচ্ছিল গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়বে দুই দল। কিন্তু ম্যাচের ৭৬ ও ৮০ মিনিটে দুই গোল পেয়ে যায় রিয়াল। রিয়ালের দুই ডিফেন্ডার এডের মিলিটাও ও ক্যাসেমিরো গোল দুটি করেন। জয় নিয়ে মাঠ ছাড়ে জিনেদিন জিদানের শিষ্যরা।

এ ফলাফলে ৩৪ রাউন্ড শেষে ২৩ জয়, ৭ ড্রয়ে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাটলেটিকো। অন্যদিকে ২২ জয় ও ৮ ড্রয়ে পাওয়া ৭৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রিয়াল মাদ্রিদ।

দুই মাদ্রিদের চেয়ে একটি করে ম্যাচ কম খেলেছে বার্সেলোনা ও সেভিয়া। টেবিলের তিন নম্বরে থাকা বার্সেলোনার সংগ্রহ ২২ জয় ও ৫ ড্রয়ে ৭১ পয়েন্ট। সেভিয়ার ঝুলিতে রয়েছে ২২ জয় ও ৪ ড্রয়ে ৭০ পয়েন্ট।