‘জীবিকার আগে জীবন, তাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,‘জীবিকার আগে জীবন, তাই করোনার এই সময়ে জীবন বাঁচাতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ সোমবার সকালে কুমিল্লা সড়ক জোন, বিআরটিসি ও বিআরটির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ আহ্বান জানান। তিনি তাঁর সরকারি বাসভবন থেকে সভায় ভার্চুয়ালি যুক্ত হন।

করোনাভাইরাসের এই সময়ে রাজনীতি না করে যার যার অবস্থান থেকে সবাইকে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

ওবায়দুল কাদের বলেন, ‘মানুষের জীবন ও জীবিকার দিকেও নজর রাখতে হচ্ছে সরকারের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচক্ষণতার সঙ্গে সবকিছু নিয়ন্ত্রণ করছেন।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি সরকারের বিরুদ্ধে অনবরত মিথ্যাচার করে যাচ্ছে। সে কারণে এসব মিথ্যাচারের জবাব সরকারের পক্ষ থেকে দিতে হয়। করোনার এই ভয়াবহ বিস্তাররোধে এখন একমাত্র রাজনীতি হচ্ছে মানুষকে বাঁচানো।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আওয়ামী লীগের কর্মীদের মতো কৃষকের ধান কেটে দেওয়ার কর্মসূচিও তো বিএনপির নেতারা করতে পারে?’

তিনি আরও বলেন, ‘বিএনপি শুধু মিথ্যাচার আর অপপ্রচারের রাজনীতিকে আঁকড়ে ধরে আছে এবং সাম্প্রদায়িক অপশক্তিকে সন্ত্রাস ও জ্বালাও-পোড়াওয়ের রাজনীতিতে উসকানি দিচ্ছে, যা জনগণ আশা করে না।’

হেফাজতে ইসলাম প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘গতকাল হেফাজতে ইসলাম তাদের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করছে, তবে শুধু বিলুপ্ত করলেই হবে না। সাম্প্রদায়িক সহিংসতার রাজনীতিও বিলুপ্ত করতে হবে। পাশাপাশি নতুন কমিটি গঠনের মাধ্যমে রাজনৈতিক সহিংসতার তাণ্ডব কি বন্ধ হবে?’