ক্রীড়া ডেস্ক : জুভেন্টাসের জার্সিতে অভিষেক ম্যাচে গোলের দেখা পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রথম গোলের জন্য পর্তুগিজ তারকার সময় লেগেছে মাত্র সাত মিনিট! রোববার এই প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে জুভেন্টাস ‘বি’ টিমকে ৫-০ গোলে হারিয়েছে জুভেন্টাস মূল দল। ৭২ মিনিটে দর্শকরা মাঠে নেমে যাওয়ায় বাকি সময়ে আর খেলা হয়নি। তুরিন শহরের অদূরে ভিয়ার পেরোসায় ১৯৫৫ সাল থেকে প্রতি বছরই জুভেন্টাস ও জুভেন্টাস ‘বি’ টিম এই প্রীতি ম্যাচটা খেলে থাকে। জুভেন্টাস ‘বি’ টিম প্রথম ম্যাচ জিতেছিল ৩-২ গোলে। তবে ২০০৫ সালের পর থেকে তারা মূল দলকে হারাতে পারেনি।

ম্যাচের সপ্তম মিনিটে জুভেন্টাসের প্রথম গোলটাই করেন রোনালদো। মাঝমাঠ থেকে লম্বা করে বল বাড়িয়েছিলেন ফেডেরিকো বার্নার্ডেসি। বল ধরে এগিয়ে যান রোনালদো। এরপর বক্সে ঢুকে ডান পায়ের শটে কোনাকুনি দিয়ে বল জালে পাঠান পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা। এই মৌসুমেই রিয়াল মাদ্রিদের সঙ্গে ৯ বছরের সম্পর্ক ছিন্ন করে জুভেন্টাসে নাম লিখিয়েছেন রোনালদো। আগামী ১৯ আগস্ট সিরি ‘আ’তে শিয়েভোর বিপক্ষে ম্যাচ দিয়ে জুভেন্টাসের জার্সিতে প্রতিযোগিতামূলক ম্যাচে অভিষেক হবে ৩১ বছর বয়সি তারকার।
https://youtu.be/EEVmhUY9rXQ


