জেলা পরিষদ নির্বাচন পরিবেশে সিইসি’র সন্তোষ প্রকাশ

দেশব্যাপী জেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশন (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।

সোমবার (১৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে বসে সিসিটিভির ফুটেজ পর্যালচনা শেষে সিইসি এসব কথা বলেন।

দেশের ৫৭টি জেলা পরিষদ নির্বাচন পর্যবেক্ষণ করতে সকাল ৯টা থেকেই পুরো কমিশনের কর্মকর্তারা ইসি ভবনের কন্ট্রোল রুমে বসেন।

৪৬২টি ভোট কেন্দ্রের ৯২৫টি ভোট কক্ষে বসানো হয়েছে প্রায় ১৪শ’ গোপন ক্যামেরা। যার নিয়ন্ত্রণ ছিল এ কন্ট্রোল রুমে। কোথাও কোনো অসঙ্গতি মনে হলেই বড় মনিটরে তা দেখে পরিস্থিতি বিশ্লেষণ করেন তারা। তবে এ দফায় তেমন কোনো অনিয়ম ধরা পড়েনি কমিশনের চোখে।

৬০ হাজার ৮৬৬ জনপ্রতিনিধি এ নির্বাচনে ভোট দিয়েছেন। গোটা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন সিইসি।