জেলে জালে আটকা পড়ল জেলের মরদেহ

জেলা প্রতিবেদকঃ নদীতে ঝড়ের কবলে পড়ে দুইদিন আগে নিখোঁজ হওয়ার পর জেলের জালে আটকা পড়ল রহমত আলী (৪৫) নামে এক জেলের মরহেদ। ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জের পদ্মা নদীতে। পরে স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে নিহত জেলের লাশ উদ্ধার করে।

মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটের অদূর থেকে তার মরদেহ জালে আটকা পড়ে।

নিহত জেলে রহমত আলীর বাড়ি জেলার শিবালয় উপজেলার ঝড়িয়ারবাগ গ্রাম। তার পিতার নাম বেলায়েত আলী।

পারিবারিক সূত্র জানায়, রোববার (৪ এপ্রিল) বিকেলে বাড়ির পাশের পদ্মা নদীতে রহমত আলী প্রতিবেশী সামসুদ্দিন ও এরশাদের সাথে নৌকা নিয়ে মাছ ধরতে যান। মাছ ধরার এক পর্যায়ে তারা ঝড়ের কবলে পড়েন।

এ সময় নৌকা থেকে সামসুদ্দিন ও রহমত আলী নদীতে পড়ে যান। সামসুদ্দিন সাঁতরিয়ে তীরে উঠতে পারলেও নিখোঁজ থাকেন রহমত আলী। প্রথমে স্থানীয়ভাবে এবং পরবর্তীতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার সন্ধানে তৎপরতা চালায়। কিন্তু তাকে উদ্ধার করতে পারেনি।

পাটুয়িয়া ঘাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মজিবুর রহমান জানান, পাটুরিয়া ঘাটের অদূরে এক মাছ শিকারীর জালে রহমত আলীর মরদেহ আটকা পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেন।