জয়ের ধারা ধরে রেখেছে ম্যানচেস্টার সিটি

ক্রীড়া ডেস্ক : চ্যাম্পিয়নস লিগে শতভাগ জয়ের ধারা ধরে রেখেছে ম্যানচেস্টার সিটি। কেভিন ডি ব্রুইন ও রাহিম স্টার্লিংয়ের গোলে শাখতার দোনেৎস্ককে ২-০ ব্যবধানে হারিয়েছে পেপ গার্দিওলার দল।

মঙ্গলবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে সিটির দুটি গোলই হয়েছে ম্যাচের দ্বিতীয়ার্ধে। ৪৮ মিনিটে চমৎকার এক গোলে স্বাগতিকদের এগিয়ে দেন ডি ব্রুইন। ডেভিড সিলভার সঙ্গে বল দেওয়া-নেওয়া করে গোলটা করেন বেলজিয়ান মিডফিল্ডার।

৭১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার পাশাপাশি সিটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এরিক ব্রকের রেকর্ড (১৭৭ গোল) স্পর্শ করার সুযোগ পেয়েছিলেন সার্জিও আগুয়েরো। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন আর্জেন্টাইন স্ট্রাইকার। তার শট ঠেকিয়ে দেন অতিথি গোলরক্ষক।

নির্ধারিত সময়ের একেবারে শেষ মিনিটে স্কোরলাইন ২-০ করার পাশাপাশি সিটির জয় নিশ্চিত করেন স্টার্লিং। বদলি হিসেবে নামা বার্নাদ্রো সিলভার কাটব্যাক থেকে বল জালে জড়ান ইংলিশ মিডফিল্ডার।

টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। গ্রুপের অন্য ম্যাচে ফেইনুর্দকে ৩-১ গোলে হারানো নাপোলি ৩ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। সমান পয়েন্ট নিয়ে শাখতার দোনেৎস্ক আছে তিনে। দুই ম্যাচেই হারা ফেইনুর্দ সবার নিচে।