ক্রীড়া ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টেস্টের প্রথমটি জিতে এগিয়ে রয়েছে পাকিস্তান। ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যে দ্বিতীয়টিতে কিংসটন ওভালে লড়ছে সফরকারীরা।
বার্বাডোসে সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাটে বলে দারুণভাবে লড়ছে পাকিস্তান। সফরকারীদের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে এক উইকেট হাতে রেখে ১৮৩ রানের লিড নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। চতুর্থ দিন শেষে দুর্দান্ত বোলিংয়ে স্বাগতিকদের এভাবে আটকে রাখতে পারায় সিরিজ জয়ের স্বপ্ন দেখছে পাকিস্তান।
নিজেদের মাঠে টস জিতে আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৩১২ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। জবাবে পাকিস্তান প্রথম ইনিংসে ব্যাট করে ৩৯৩ রান করলে দ্বিতীয় ইনিংসে মাঠে নামার আগে ৮১ রানে পিছিয়ে থাকে স্বাগতিকরা।
প্রথম ইনিংসের মতো দারুণ ব্যাটিংয়ে বড় লিড নেওয়ার প্রত্যয়ে ছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু ব্যাট হাতে এক শাই হোপ ছাড়া স্বাগতিকদের হয়ে অন্য কেউ সেভাবে লড়তে পারেনি। দলকে ব্যক্তিগত সর্বোচ্চ ৯০ রানের ইনিংস উপহার দেন হোপ। দলের অন্যরা স্পিনার এক ইয়াসির শাহের ঘূর্ণিতেই পথ হারিয়েছে।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে দ্বিতীয় ইনিংসে ওপেনিংয়ে নেমে ব্রেথওয়েট দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রান করেন। এছাড়া প্রথম ইনিংসে সেঞ্চুরি পাওয়ার রস্টন চেজ ২৩, বিশাল সিং ৩২, দোরিচ ২, জোসেপ ৭ এবং অধিনায়ক জেসন হোল্ডার ব্যক্তিগত ১ রানে সাজঘরে ফেরেন।
বল হাতে পাকিস্তানের হয়ে ইয়াসির শাহ একাই নেন ৬টি উইকেট। এছাড়া মোহাম্মদ আব্বাস ২টি এবং মোহাম্মদ আমির ১টি উইকেট নেন।
ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আগে কখনো টেস্ট সিরিজ জিতেনি পাকিস্তান। এবার জিতলে অধিনায়ক মিসবাহ-উল-হকের হাত ধরে নতুন ইতিহাস লেখবে আনপ্রেডিক্টেবল দলটি।


