ক্রীড়া ডেস্ক: দারুণ ফর্মে থাকা লিওনেল মেসি বার্সার হয়ে ৬০০তম ম্যাচ খেলতে নেমে গোল পাননি। তবে সতীর্থদের সঙ্গে মাঠে তার দুর্দান্ত পারফরম্যান্স আর প্যাকো আলকাসেরের জোড়া গোলে সেভিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে জয়ে ফিরেছে বার্সেলোনা।
গত ম্যাচে চ্যাম্পিয়নস লিগে অলিম্পিয়াকোসের বিপক্ষে জিততে পারেনি বার্সা। মৌসুমের শুরু থেকে দারুণ ছন্দে থাকলেও গ্রুপপর্বের ওই ম্যাচে গ্রীসের ক্লাবটির বিপক্ষে গোলশূন্য ড্র করে কাতালান ক্লাবটি। তবে স্প্যানিশ লিগে হাড্ডাহাড্ডি লড়াইয়ে পরের ম্যাচেই জয়ে ফিরল আর্নেস্তো ভালভর্দের শিষ্যরা।
চিরচেনা ন্যু ক্যাম্পে বার্সেলোনার শুরুটা ছিল দুর্দান্ত। ম্যাচ শুরুর ১০ মিনিটেই বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে মেসি-সুয়ারেজরা। একের পর এক গোলের সুযোগ নষ্ট করা বার্সা কাঙ্ক্ষিত সাফল্য পায় ম্যাচের ২৩ মিনিটে। লুইস সুয়ারেজের বাড়িয়ে দেওয়া বল নিয়ে ডি বক্সে নিচু শটে সেভিয়ার জালে বল পাঠান আলকাসের।

তবে বিশ্রাম শেষে ম্যাচের ৫৯ মিনিটে কর্নার থেকে আসা বলে আর্জেন্টাইন মিডফিল্ডার পিসারোর দারুণ হেডে সমতায় ফেরে সেভিয়া। এরপর ব্যবধান তৈরি করতে মরিয়া হয়ে উঠে স্বাগতিকরা। ৬৩তম মিনিটে ডি-বক্সের অনেকটা বাইরে থেকে পিকের শট ক্রসবারে লাগে।
ম্যাচের ৬৫ মিনিটে আলকাসেরের কল্যাণেই ২-১ ব্যবধানে এগিয়ে যায় বার্সা। ডান দিক থেকে ইভান রাকিতিচের দারুণ ক্রস থেকে বল সেভিয়ার জালে পাঠান আলকেসার। বার্সার হয়ে ৬০০তম ম্যাচ খেলতে নামা মেসি গোল না পেলেও প্রতিপক্ষের ডিফেন্ডারদের বেশ ঘাম ঝরিয়েছেন। ম্যাচের বাকি সময়ে আর গোল না হওয়ায় ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।
লা লিগায় এ জয়ে ১১ ম্যাচ শেষে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৩১। ২৭ পয়েন্ট নিয়ে ভ্যালেন্সিয়া আছে দ্বিতীয় স্থানে। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ ২০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে।


