জয়ে সমতা ফেরাল প্রোটিয়ারা

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৬ উইকেটের জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ে চার ম্যাচ সিরিজে ১-১-এ সমতা ফিরিয়েছে প্রোটিয়ারা।

টস জিতে আগে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৪০ রান সংগ্রহ করে পাকিস্তান। ১৪১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে এইডেন মার্করামের হাফ সেঞ্চুরিতে ৪ উইকেট হারিয়ে ১৪ ওভারের মধ্যেই জয়ের বন্দরে পৌঁছায় স্বাগতিকরা।

ওপেনার জানেমান মালান ১৫ এবং উইহান লুবে ১২ রানে আউট হয়ে যান। এরপর ৩০ বলে ৫৪ রান করেন মার্করাম। এছাড়া অধিনায়ক ক্লাসেনের ব্যাট থেকে আসে ৩৬ রান।

পাকিস্তানের হয়ে ২ উইকেট নেন উসমান কাদির। এছাড়া একটি করে উইকেট মোহাম্মদ হাসনাইন এবং হাসান আলি।

এর আগে ব্যাট করতে প্রথম বলেই উইকেট হারায় পাকিস্তান। শূন্য রানে ফিরে যান মোহাম্মদ রিজওয়ান। বেশিদূর যেতে পারেননি শারজিল খানও। মাত্র ৮ রানেই ফিরে যান তিনি।

বিপর্যয় সামাল দেন অধিনায়ক বাবর আজম এবং মোহাম্মদ হাফিজ। বাবর ৫০ বলে ৫০ রান করে আউট হয়ে যান। হাফিজ করেন ২৩ বলে ৩২ রান। এরপর কেউই আর দলের হাল ধরতে পারেননি। নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেটে ১৪০ রান সংগ্রহ করে পাকিস্তান।

প্রোটিয়াদের হয়ে লিন্ডে এবং উইলিয়ামস নেন ৩টি করে উইকেট।