ক্রীড়া ডেস্ক: বিশ্বকাপের চল্লিশতম ম্যাচে আইসল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া।
৪৫ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন রোস্টভ-অন-ডন স্টেডিয়ামে দুই দলের ম্যাচটি অনুষ্ঠিত হয়।
স্কোর: ক্রোয়েশিয়া ২ : ১ আইসল্যান্ড
তিনে তিন ক্রোয়েশিয়ার: ১৯৯৮ বিশ্বকাপের পর এবারই প্রথম টানা দুই ম্যাচ জেতে ক্রোয়েশিয়া। গ্রুপ পর্বের শেষ ম্যাচটিও জিতে নিল তারা। আইসল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন তারা। প্রথমবারের মতো বিশ্বকাপে গ্রুপ পর্বের তিন ম্যাচই জিতল তারা।
আবারও লিড পেল ক্রোয়েশিয়া: বিশ্বকাপে নিজের তৃতীয় গোল পেলেন ইভান পেরিচিত। ম্যাচের ৯০ মিনিটে গোলটি করেন এ মিডফিল্ডার। বাডেলজের বাড়ানো বলে লক্ষ্যভেদ করেন পেরিচিত।
পেনাল্টি থেকে গোল শোধ আইসল্যান্ডের: ডি বক্সের ভেতরে বল ক্রোয়েশিয়ার ডিফেন্ডারের হাতে লাগায় পেনাল্টি পায় আইসল্যান্ড। স্পটকিক থেকে গোল করেন গিলফি সিগারসন।
লিড নিল ক্রোয়েশিয়া: দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে ক্রোয়েশিয়াকে এগিয়ে নিলেন মিলান বাডেলজ। লুকা মড্রিচের বাড়ানো বলে হাফ ভলিতে গোল করেন বাডেলজ। তার নেওয়া শটে কোনো কিছু করার ছিল না আইসল্যান্ডের গোলরক্ষক হ্যাল্ডেরসনের।
গোলশূন্য প্রথমার্ধ: প্রথমার্ধের লড়াইয়ে কোনো দলই লক্ষ্যভেদ করতে পারেনি। একাধিক সুযোগ তৈরি হয়েছিল কিন্তু ফিনিশিংয়ের অভাবে গোল হয়নি। যোগ করা সময়ে দুর্দান্ত সেভে ক্রোয়েশিয়াকে গোল হজমের থেকে বাঁচান গোল রক্ষক।
ড্র করলেই চলবে ক্রোয়েশিয়ার: গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ জিতে এরই মধ্যে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়েছে ক্রোয়েশিয়ার। আজ ড্র করলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে তারা।
নয় খেলোয়াড় পরিবর্তন! দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়ে যাওয়ায় অনেকটাই নির্ভার ক্রোয়েশিয়া। তাইতো আইসল্যান্ডের বিপক্ষে নয় খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছেন ক্রোয়েশিয়া বস জ্লাতকো দালিচভ। দলের অধিনায়ক লুকা মডরিচ এবং ইভান পেরিচিত খেলছেন।
জিততেই হবে আইসল্যান্ডকে: বিশ্বকাপের পরবর্তী রাউন্ডের টিকিট পেতে আজ জিততেই হবে আইসল্যান্ডকে। পাশাপাশি তাকিয়ে থাকতে হবে আর্জেন্টিনা ও ইরানের ম্যাচের দিকে।
পরিসংখ্যান: দুই দল এ নিয়ে সপ্তমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে। তবে মেজর কোনো টুর্নামেন্টে এবারই প্রথম খেলছে দুই দল। রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বে মুখোমুখি হয়েছিল দুই দল। দুই দলই ঘরের মাঠে একে অপরকে হারিয়েছিল। ক্রোয়েশিয়া ২-০ এবং আইসল্যান্ড ১-০ গোলে জয় পেয়েছিল।


